চাঁদপুর শহরের ৭টি স্থানে ৫০টি অবৈধ অটোবাইক ও অটোরিক্সা ভাংচুর করেছে চাঁদপুর পৌর লাইসেন্স বিভাগ ও কর আদায়কারী কর্মকর্তা এবং কর্মচারীরা।
গতকাল বুধবার বিকেলে ৩টা থেকে ৫টা পর্যন্ত চাঁদপুর শহরের পালবাজার গেট, শপথ চত্বর, নতুনবাজার মোড়, ওয়্যারলেস মোড়, পুরাণবাজার ব্রিজের মোড়, লোহারপুল এবং নতুনবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে পৌরসভার কর্মচারীগণ শহরের চলমান অবৈধ অটোবাইক ও অটোরিক্সা আটক করে এবং মেশিনপত্র ভাংচুর করে ।
চাঁদপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোঃ মোশারফ হোসেন পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ মহোদয়ের নির্দেশেই আমরা এ অভিযান পরিচালনা করেছি। শহরের যানজটমুক্ত করতে মেয়রের নির্দেশেই এ অভিযান অব্যাহত থাকবে। শহরে কোনো অবৈধ অটোবাইক ও অটোরিক্সা চলাচল করতে দেয়া হবে না।
চাঁদপুর পৌরসভার সহকারী লাইসেন্স পরিদর্শক মোঃ রফি রাসেল, রফিকুল ইসলাম, কর আদায়কারী ফিরোজ আলম, খোরশেদ পাটওয়ারী, সহকারী কর আদায়কারী এনায়েত হোসেন, সহকারী এসওআর মোঃ শাহরিয়ার এবং মনির হোসেনের নেতৃত্বে পৌরসভার প্রায় ৫০জন কর্মকর্তা-কর্মচারীগণ এ অভিযানে অংশ নেন। অভিযানের খবর শহরে চলমান অনেক অবৈধ অটোবাইক ও অটোরিক্সা চালক পালিয়ে যায়।