
প্রতিনিধি
চাঁদপুর জেলা ডিবি পুলিশ হাজীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে। এরা হলেন জামালপুর জেলার দুখু (৩০) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকার হাবিব (৩০)। গাঁজাগুলো তারা অভিনব কায়দায় কুমিল্লা থেকে এনে চাঁদপুর নিয়ে আসার জন্য হাজীগঞ্জ রেল স্টেশন এলাকায় অপেক্ষায় থাকে। তারা ১০টি খালি বস্তার মধ্যে ১ কেজি করে গাঁজার প্যাকেট ভরে ১০ কেজি গাঁজার বস্তাগুলো ভাজ করে রাখে। বাকি ১৫ কেজি গাঁজা ৩ প্যাকেটে করে বস্তার মাঝখানে লুকিয়ে রাখে। ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। অভিযানের নেতৃত্ব দেন ডিবির এসআই জাহাঙ্গীর আলম। আটককৃতরা সাংবাদিকদের জানায়, গাঁজাগুলো কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে তারা চাঁদপুর নিয়ে আসছিলেন।
জেলা ডিবি পুলিশের হাতে গাঁজা আটক হওয়ার ব্যাপারে পুলিশ সুপার মোঃ আমির জাফরের সাথে আলাপকালে তিনি জানান, মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান সব সময়ই অব্যাহত থাকবে। মাদকের সাথে পুলিশের কোনো আপোস নেই। মাদক জাতীয় কোনো জিনিস যাতে এ জেলাতে ঢুকতে না পারে সে জন্য পুলিশ প্রশাসনের অভিযান সব সময়ই অব্যাহত থাকবে। ইতিমধ্যে চাঁদপুর জেলার বিভিন্ন স্থান থেকে মাদকের সাথে জড়িত অনেককেই আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
