
বিশেষ প্রতিনিধি
হাজীগঞ্জ উপজেলার বেলঘর আড়ং বাজারে আওয়ামী লীগের কর্মীরা বিএনপি নেতা-কর্মীদের অন্তত ১০টি দোকান ভাংচুর করে লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে থানায় দায়ের করা মামলা ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলার ভয়ে বিএনপি নেতা-কর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
হামলায় বিএনপির কার্যালয়সহ ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে : পাটওয়ারী ইঞ্জিনিয়ারিং ও শো-রুম, মাসুদের ফার্নিচারের দোকান, মাসুম বিল্লাহ্ ফার্মেসী, মনা মিয়ার মুদি দোকান, ইদ্রিছ মিয়ার মুদি দোকান, শামীমের কম্পিউটার দোকান, সফি উল্যার রিক্সার গ্যারেজ, অলি উল্যার মুরগির ফার্ম ও আবু তাহেরের পান দোকান।
স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, সগীর হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ও সোহেলের নেতৃত্বে বেলঘর বাজারের দোকানপাটগুলোতে প্রথমে হামলা চালানো হয়। পরে রাতে আবার বিএনপির নেতা-কর্মীরা সংঘটিত হয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বেশ কিছু দোকান ভাংচুর করে।
উপজেলা বিএনপির সহ-সভাপতি ও স্থানীয় অধিবাসী শিব্বির আহমেদ পাটওয়ারী জানান, ভোটের দিন সন্ধ্যায় আওয়ামী লীগ প্রথম হামলা করে দোকানপাট ভাংচুর শুরু করে। বর্তমানে আওয়ামী লীগ ও থানা পুলিশের ভয়ে বেলঘর গ্রাম বিএনপি নেতা-কর্মী শূন্য হয়ে পড়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন মিয়াজী বলেন, বেলঘর গ্রামে উভয় পক্ষ যুদ্ধে লিপ্ত হয়েছে। উভয় পক্ষ শান্ত হলে আমরা বিষয়টি সমাধান করবো।
