কচুয়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রিয়াদ হোসেন (১২) নামের এক শিশু খুন হয়েছে। ঘাতকও ১৩ বছরের অপর এক শিশু। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার পালাখাল বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটি একই উপজেলার গুতপুর গ্রামের আব্দুল বারেকের পুত্র। ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহের লক্ষ্যে স্থানীয় একটি প্রভাবশালী মহল পাঁয়তারা করছে।
জানা গেছে, নিহত রিয়াদ হোসেন তার নানার বাড়ি পালাখালে থাকতো। ঘটনার দিন বিকেলে বাড়ির পাশে ক্রিকেট খেলতে গেলে একই গ্রামের আবুল কালামের পুত্র মেহেদি হাসানের (১৩) সাথে খেলা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মেহেদি হাসান উত্তেজিত হয়ে রিয়াদ হোসেনের মাথায় ও ঘাড়ে ব্যাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে ঘটনাস্থলেই রিয়াদের মৃত্যু হয়। ঘটনার পর থেকে মেহেদি হাসান ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। এদিকে রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকার একটি প্রভাবশালী মহল পুলিশের কাছ থেকে নিহত রিয়াদ হোসেনের লাশ রেখে রফাদফা করার পাঁয়তারা করছে বলে এলাকায় অভিযোগ উঠে।
