
হাইমচর প্রতিনিধি
হাইমচরে জাল টাকা তৈরির কারখানার আবিষ্কারকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড চলছে। একটি বিশেষ প্রভাবশালী মহল কোমর বেঁধে অপরাধীকে বাঁচাতে কাজ করছে। অবশেষে বিকাশে আগত টাকা পুলিশের কাছে জমা পড়েছে।
হাইমচরে বহুল আলোচিত জাল টাকা তৈরির কারখানার সন্ধানকে ঘিরে চলছে পক্ষে-বিপক্ষে রশি টানাটানি। স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর হাইমচর থানা পুলিশের ব্যাপক অভিযানে নড়েচড়ে বসেছে এলাকাবাসী। সবাই এখন সোচ্চার জাল টাকার মতো জঘন্য অপরাধকে নির্মূল করতে।
এদিকে জাল টাকার কারখানার হোতা মোশারফ শেখ এ ঘটনা থেকে নিজেকে বাঁচাতে মরিয়া হয়ে দিগি�দিক ছুটছে। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে রাজনৈতিক পরিচয় দিয়ে অনুকম্পা পাওয়ার চেষ্টা করলেও রাজনৈতিক নেতৃবৃন্দ এহেন অপরাধে ছাড় দিতে নারাজ হওয়ায় সে এখন প্রভাবশালীদের দ্বারে দ্বারে ঘুরছে। ইতিমধ্যে মোশারফ শেখের জাল টাকার কারিগরকে দেয়া অগ্রিম ৭০ হাজার টাকা বিকাশে ফেরৎ আনা ৬০ হাজার টাকা হাইমচর থানা পুলিশের কাছে জমা হয়েছে বলে বিকাশের মালিক শাহাবুদ্দিন জানান। জাল টাকা তৈরিতে জাল কালী ও কাগজের কারণে বিঘ� ঘটায় কারখানার মালিক ও কারিগরের মধ্যে অগ্রিম টাকার লেনদেনকে কেন্দ্র বিরোধ সৃষ্টি হওয়ায় প্রকাশ্যে হাতাহাতি ও মারামারির কারণে স্থানীয় জনগণ ও সাংবাদিকরা ঘটনাটি প্রত্যক্ষ করে। সে সূত্র ধরেই স্থানীয় সকল পত্রিকায় সংবাদটি গুরুত্বের সাথে প্রকাশিত হয়। পত্রিকার প্রকাশিত খবরকে কেন্দ্র করে হাইমচর থানা পুলিশের উপ-পরিদর্শক আবদুল হালিমের নেতৃত্বে পুলিশ ফোর্স দফায় দফায় অভিযান চালালে মোশারফ শেখ আত্মগোপনে থেকে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিকে দিয়ে টাকার বিনিময়ে তার পক্ষে ধূম্রজাল সৃষ্টির চেষ্টা করছে। কোথাও কোথাও আদম ব্যবসার টাকা বলে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহের ষড়যন্ত্র করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে পত্রিকার কাটিং থেকে হাইমচর থানায় একটি সাধারণ ডায়েরি করে আসামিদের গ্রেপ্তারের জন্য কয়েক দফা অভিযান চালিয়েছেন বলে হাইমচর থানা পুলিশের উপ-পরিদর্শক আবদুল হালিম জানান।
এ বিষয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, বিকাশের কিছু টাকা জমা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় জনগণ যে কোনো মূল্যে অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।
