প্রতিনিধি
ফরিদগঞ্জ বাজার ও এর আশপাশের বাসা-বাড়িতে চোরের উপদ্রব বাড়ছে। নানা ঝামেলা ও হয়রানি থেকে বাঁচতে এসব চুরির বিরুদ্ধে কেউ থানায় অভিযোগ দিতে আগ্রহ প্রকাশ করছে না। এদিকে থানা পুলিশের পাশাপাশি রাতে পৌরসভার নিজস্ব পাহারাদার থাকলেও চুরির উপদ্রব বৃদ্ধির কারণে শঙ্কিত হয়ে পড়েছে বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী। গত রোববার রাতে ফরিদগঞ্জ বাজারের দুটি দোকানের টিনের চাল খুলে চুরির ঘটনা ঘটেছে।
ইতিপূর্বে ফরিদগঞ্জ বাজারে একরাতে তিন দোকানে চুরির প্রতিবাদে তাৎক্ষণিক ব্যবসায়ীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছিলো। এ কর্মসূচি পালনের পর চুরির ঘটনা প্রতিরোধে সে সময় পুলিশকে তৎপর হতে দেখা গেছে। এবারও বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বাজারে চুরির প্রতিবাদে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে।
ব্যবসায়ীরা জানায়, প্রায় সময়ই ফরিদগঞ্জ বাজারের বিভিন্ন দোকানে চুরির ঘটনা ঘটেই চলেছে। এ চুরি প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয় না। অথচ পুলিশের পাশাপাশি রয়েছে পৌরসভার নিয়োগকৃত পাহারাদার। প্রতি ব্যবসায়ীর কাছ থেকেই মাসে পৌর কর্তৃপক্ষ পাহারাদারের জন্য ২শ� টাকা করে আদায় করে আসছে। উপজেলা প্রশাসনের নাকের ডগায় চুরির ঘটনা ঘটে থাকলেও এর প্রতিরোধে নেই কোনো কার্যকর ব্যবস্থা। তবে একটি সূত্র জানিয়েছে, বাজার পরিচালনার জন্য দুর্বল ব্যবস্থাপনার শিকার হয়ে দীর্ঘ মাস যাবৎ ব্যবসায়ীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আসছে।
চুরির শিকার ফরিদগঞ্জ বাজারের হৃদয় ইলেকট্রনিক্স মাই ওয়ান শো-রুমের মালিক কবির হোসেন জানান, এ নিয়ে তার দোকানে তিনবার চুরি হয়েছে। সর্বশেষ গত রোববার রাতে ওই দোকানের টিনের চাল খুলে তার দোকানের বেশ কিছু ইলেট্রনিক্স সামগ্রী নিয়ে গেছে। একই রাতে একই কায়দায় ফরিদগঞ্জ দলিল লিখক সমিতির সেক্রেটারী আবুল হোসেনের অফিসে থাকা একটি ল্যাপটপ ও নগদ টাকা নিয়ে যায় চোরের দল। ক্ষুব্ধ ক�জন ব্যবসায়ী জানায়, চুরির ব্যাপারে থানায় অভিযোগ দিলে উল্টো হয়রানির শিকার হতে হয়। যে কারণে কেউ চুরির ব্যাপারে থানায় অভিযোগে দিতে রাজি হয় না। আর এতে করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দায়সারা দায়িত্বই পালন করে যাচ্ছে। ফলে ফরিদগঞ্জ বাজারে চুরি করতে চোরদের কাছে অনেক নিরাপদ বলে তারা একের পর এক চুরির ঘটনা ঘটিয়েই যাচ্ছে। এ ছাড়াও ওয়াপদার পাশে থাকা একটি বাড়ির মালিক সেলিম জানান, গত সপ্তাহে কৌশলে চোর তার বাসায় প্রবেশ করে একটি ল্যাপটপ ও মোবাইল চুরি করে নিয়ে যায়।
ফরিদগঞ্জ বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর স্বার্থে চুরির ঘটনা প্রতিরোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভুক্তভোগীদের পক্ষ থেকে জোরালো দাবি উঠেছে।
