ফরিদগঞ্জ প্রতিনিধি
বোনের বাসার ছাদে মোবাইলে কথা বলার সময় বৈদ্যুতিক লাইনে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরিদগঞ্জে সামেনা আক্তার রিপা (১৬) নামে সদ্য এসএসসি পাস করা এক ছাত্রীর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বালিথুবা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বালিথুবা এ হামিদ উচ্চ বিদ্যালয় হতে ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগে এসএসসি পাস করে সানকিসাইর গ্রামের মোস্তফা কামালের মেয়ে সামেনা আক্তার। পাস করার পর কলেজে ভর্তি হওয়ার লক্ষ্যে বুধবার স্কুল থেকে প্রয়োজনীয় কাগজপত্র উঠিয়ে বালিথুবা ঈদগাহ সংলগ্ন বোনের বাড়িতে থেকে যায় সে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বোনের বাড়ির ছাদে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলো সে। কিন্তু অসাবধানতাবশতঃ ভবনের উপর দিয়ে বয়ে যাওয়া পল্লী বিদ্যুতের লাইনে জড়িয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার করুণ মৃত্যু হয়। সংবাদ পেয়ে ছুটে যায় স্কুলের শিক্ষক, এলাকাবাসী এবং আত্মীয় স্বজনরা। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন নয়ন ঘটনাস্থলে এসে শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন এবং দাফনের ব্যবস্থা করেন। বিকেলে তার গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
