
মিজানুর রহমান রানা
মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নব নির্বাচিত কমান্ডারের নিকট দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ডা. দীপু মনি এমপি বলেছেন, মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধ করেছিলেন বলেই আজ আমরা একটি স্বাধীন রাষ্ট্র সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আপনারা স্বীয় জীবনের মায়া ত্যাগ করে এই দেশ স্বাধীন করেছিলেন। সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাংলার আপামর জনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। পাকিস্তানীরা
আমাদের ওপর সব সময় জুলুম নির্যাতন করতো। যার ফলে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন। আর তার ডাকে সাড়া দিয়ে বাংলার মানুষ যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে। সৃষ্টি হয় একটি স্বাধীন ভূখণ্ড। তিনি আরো বলেন, বাঙালির হাজার বছরের সর্বশ্রেষ্ঠ অর্জন হলো মুক্তিযুদ্ধ। আপনারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। আর বর্তমানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে কাজ করে যাচ্ছে। গত ৫ বছরে দেশ অনেকে উন্নত হয়েছে। বর্তমানে দেশে না খেতে পেয়ে কেউ মৃত্যুবরণ করে না। তথ্য প্রযুক্তিতে দেশ অনেক উন্নতি অর্জন করেছে। দেশে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নতি লাভ করেছে। তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িকতার দেশ। এখানে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে কোনো বিভেদ নেই। বর্তমানে আমাদের দেশে আরো একটি যুদ্ধ চলছে। আর তা হলো স্বাধীনতা বিরোধীদের বিপে যুদ্ধ। এখানে ধর্মের দোহাই দিয়ে যারা যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে তাদেরকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। তারা যাতে কোনোভাবেই যুদ্ধাপরাধীদের বিচারকার্যে বাধা সৃষ্টি করতে না পারে সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার এদেশের মাটিতে হবেই হবে।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি বুধবার সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর সদর উপজেলা কমান্ডের নবনির্বাচিত কমান্ডারের নিকট দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মো. সামছুল আলম চিশতি। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন স্বাধীনতা পদক প্রাপ্ত মুক্তিযোদ্ধা ডা. বদরুন্নাহার চৌধুরী, উপজেলা ডেপুটি কমান্ডার সফিকুর রহমান ও বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডারগণ। পরে প্রধান অতিথি ডা. দীপু মনিসহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর সদর উপজেলা কমান্ডের নবনির্বাচিত কমান্ডার আবুল কালাম মো. সামছুল আলম চিশতির নিকট দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের খতিব মো. খালেদ সাইফুল্লাহ ও গীতা পাঠ করেন মুক্তিযোদ্ধা সাধন সরকার।
শিরোনাম:
শনিবার , ১৮ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
