
প্রতিনিধি
হাজীগঞ্জের মেসার্স আহসান হাবীব অরুণের ফার্মের ম্যানেজার সাইফুল ইসলামকে মারধর ও তার কাছে ৫ লাখ টাকা চাঁদা চাওয়ার ঘটনায় হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে ৩ জনকে আসামী করা হয়েছে। এর মধ্যে ল্যাংকটু মিয়ার ছেলে মোঃ সুমন (৩০) নামের একজনকে আটক করেছে থানা পুলিশ। যার মামলা নং ২৮। তারিখ ২৮/০৮/২০১৪ খ্রিঃ। সাইফুল ইসলামের দায়ের করা এই মামলার অন্য আসামীরা হলো মকিমাবাদ গ্রামের মৃত ফজলুল হক মিয়ার ছেলে শুকুর আলম (৩৫), ধেররা গ্রামের খালেক মুন্সির ছেলে আঃ হান্নান গাজী। এতে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করা হয়েছে বলে মামলার সূত্রে জানা যায়।
সাইফুল ইসলামের দায়ের করা মামলার সূত্রে জানা যায়, হাজীগঞ্জ পৌরসভা থেকে টেন্ডারের মাধ্যমে আনা বেশ কটি কাজ করছে মেসার্স আহসান হাবীব অরুণের ঠিকাদারি প্রতিষ্ঠান। আর এ সকল কাজের মধ্যে ড্রেন নির্মাণের একটি কাজ চলছে পৌর এলাকার মকিমাবাদে। বেশ কিছু দিন ধরে ড্রেন নির্মাণের কাজ থেকে আসামীরা সাইফুল ইসলামের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। তাদেরকে চাঁদার টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে আসামীরা সাইফুল ইসলামকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিতে থাকে। এক পর্যায়ে তারা গত ২৭ আগস্ট দুপুরে চাঁদার টাকা না দেয়ায় কাজের স্থলে সাইফুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ও কাজ বন্ধ করে দেয়। ঘটনাস্থলে কর্মরত শ্রমিকরা তার আর্তচিৎকার শুনে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। মারধরের সময় সাইফুলের পকেটে থাকা লেবার পেমেন্টের ৫৫ হাজার টাকাও নিয়ে যায় আসামীরা। বর্তমানে ড্রেনের নির্মাণ কাজ বন্ধ রয়েছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহআলম মুঠোফোনে এ প্রতিনিধিকে জানান, ইতিমধ্যে আমরা মামলার আসামী সুমন নামের একজনকে আটক করেছি। এছাড়া আসামী শুকুর আলমের বাসায় অভিযান দেয়া হয়েছে, সে পালিয়ে আছে। শুকুসহ অন্যদেরকে ধরার জন্য আমরা কাজ করছি।
