“ভ্রাম্যমাণ আদালতের অভিযান হাজীগঞ্জে ২ বস্তা পলিথিনসহ আটক ১
প্রতিনিধি
গতকাল বৃহস্পতিবার বিকেলে হাজীগঞ্জ বাজার থেকে ২ বস্তা পলিথিনসহ ভুবন চন্দ্র সাহা নামে এক ভ্যান চালককে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। পরে আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত ভুবন চন্দ্র সাহাকে ৩ হাজার টাকা জরিমানা করে। সে হাজীগঞ্জ পৌর এলাকার রান্ধুনীমুড়া বৈষ্ণ বাড়ির মৃত নারায়ণ চন্দ্র সাহার ছেলে। তবে এ ঘটনায় ধরাছোঁয়ার বাইরে থেকে যায় পলিথিনের মূল মালিক।
হাজীগঞ্জ থানার এস অই শামীম আহমেদ ও এএসআই মুকবুল হোসেন চাঁদপুর কণ্ঠকে জানান, আটক ব্যক্তি হাজীগঞ্জ বাজারের বড় মসজিদের সামনে নিয়ে ভ্যানে করে পলিথিনসহ যাওয়ার সময় তাকে আটক করা হয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম বলেন, পলিথিনসহ আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ শেখ মুর্শিদুল ইসলাম বলেন, নিষিদ্ধ পলিথিন বহনের দায়ে তাকে এ জরিমানা দিতে হয়।