কবির হোসেন মিজি
বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দর্শক পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তরে অংশ নিয়ে প্রথম পুরস্কার পেলেন চাঁদপুরে ইলিশ উৎসবের রূপকার ও চতুরঙ্গের মহাসচিব হারুন আল রশীদ। গত ১৪ নভেম্বর শুক্রবার রাতে চাঁদপুর বড়স্টেশন মোলহেডে ইত্যাদির কয়েকটি পর্ব ধারণ করা হয়। এর মধ্যে দর্শক পর্বটি ছিল বেশ আলোচিত ও আকর্ষণীয়। এ পর্বের বেশ কিছু প্রশ্নের মধ্যে উল্লেখযোগ্য ছিলো (১) সওগাত পত্রিকা কত সালে প্রকাশিত হয়েছিলো এবং সেটির সম্পাদকের নাম কী? (২) ইলিশের মধ্যে এক জাতীয় পদার্থ রয়েছে, যা মানুষের হার্টের উপকার করে সেটির নাম কী? (৩) একজন ব্যক্তির নামে চাঁদপুরে একটি ঐতিহাসিক মসজিদ নির্মাণ করা হয়েছে, সেটি কোন্ জায়গায় অবস্থিত এবং সে ব্যক্তির নাম কী? এবং ফরিদগঞ্জ উপজেলার সোসাইচর গ্রামে মধ্য যুগে এক জনপ্রিয় পুঁথি সাহিত্যিক ছিলেন তার নাম কী? এসব প্রশ্নের মধ্যে সঠিক উত্তর দিয়ে পরবর্তী প্রক্রিয়ায় অংশ নিয়ে প্রথম হলেন হারুন আল রশীদ, দ্বিতীয় জেলা বিএমএ সভাপতি ডাঃ হারুন অর রশিদ সাগর, ৩য় নির্বাহী ম্যাজিস্ট্রেট জেরিন এবং চতুর্থ মিসেস সুমি নামে একজন। এ চারজনকে ‘ইত্যাদি’র নিয়মে স্টেজে ডেকে নিয়ে গানের প্রতিযোগিতায় অংশ নিতে বলা হয়। যে ভালো গান করতে পারবে সে হবেন দর্শক পর্বের বিজয়ী। গানের প্রতিযোগিতায় চাঁদপুরের ঐতিহ্যবাহী বিষয় নিয়ে প্রখ্যাত গীতিকার কবির বকুলের লেখা গান গেয়ে চার জনের মধ্যে হারুন আল রশীদ প্রথম হন। কেয়া কসমেটিকসের সৌজন্যে তাকে একটি ল্যাপটপ প্রদান করা হয়। এছাড়াও বাকি প্রতিযোগীদেরকে বই এবং পরিবেশ বান্ধব গাছের চারাসহ কেয়া কসমেটিকসের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট প্রদান করা হয়।
গত ১৪ নভেম্বর শুক্রবার চাঁদপুর বড়স্টেশন মোলহেডে ‘ইত্যাদি’কে ঘিরে ছিলো মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। বিকেল ৩/৪টা থেকেই মোলহেডের চারপাশে দর্শকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ‘ইত্যাদি’ অনুষ্ঠানটি যদিও সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা, কিন্তু বিকেল ৪টা থেকেই বসার আসন দখল করতে উদ্গ্রীব হয়ে পড়েন দর্শকরা। সন্ধ্যা হতেই ছোট-বড় সকল দর্শকের ভিড় বাড়তে থাকে। পুলিশ ধকল সামলাতে না পারায় এক পর্যায়ে সেখানে এক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানস্থলে গেট দিয়ে ভেতরে প্রবেশের নিয়ম থাকলেও সে নিয়মে হয়ে যায় একেবারেই অনিয়ম। এক পর্যায়ে দর্শকরা মানুষের নিরাপত্তায় ও শৃঙ্খলার জন্য দেয়া বাঁশের বেড়া ও গেট ভেঙ্গে পুলিশের সামনেই ভেতরে প্রবেশ করে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে।

