বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ), পবিত্র হজ্ব, তাবলিগ ও কোরআন সম্পর্কে কটুক্তিকারী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সংসদে ব্লাসফেমি আইন পাশ করার দাবিতে চাঁদপুর নতুনবাজার-পুরাণবাজার সেতু সম্মুখে সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর শাখা। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের শহর শাখার সভাপতি ইয়াসিন রাশেদ সানী। বক্তব্য রাখেন সংগঠনের জেলা সেক্রেটারী শেখ মোঃ জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ার আল নোমান, সদর উপজেলা সেক্রেটারী মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওঃ সহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি শাহজামাল গাজী সোহাগ।
সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, মহানবী (সঃ)-এর নামে যে ব্যক্তি জঘন্যতম কটুক্তি করেছে তাকে বর্তমানে জামাই আদর করে জেলখানায় রাখা হয়েছে। আমরা মুসলামান হিসেবে দাবি জানাই এ মুরতাদের বিরুদ্ধে যেনো বর্তমান সরকার ব্লাসফেমি আইনের ব্যবস্থা নেয়। বক্তারা আরো বলেন, যারা ইসলাম নিয়ে কটুক্তি করে তাদের ঠাঁই এ দেশে হবে না। আমরা সরকারকে বলতে চাই আমাদের দাবিগুলো যেনো মেনে নেয়া হয়। বর্তমান সরকার কটুক্তিকারী মুরতাদ লতিফ সিদ্দিকীর ফাঁসির আইন যদি সংসদে পাশ না করে তাহলে আগামী ৫ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশে নতুন আন্দোলনের ডাক দেয়া হবে।

