মিজান লিটন
গত ২ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার মেরুল বাড্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় সেমিষ্টারের ছাত্র শাহ মোঃ সাদী মোরশেদের কুলখানী গতকাল ৫ ডিসেম্বর শুক্রবার বাদআছর মরহুমের দাদার বাড়ি চাঁদপুর শহরের তালতলায় অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন মরহুম সাদীর বাবা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলম ও তার বড় চাচা হাজী শাহ মোঃ জাহাঙ্গীর আলম। বক্তারা হত্যাকা-ের পর চারদিন অতিবাহিত হতে চললেও ঘাতক বাসের চালককে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে চালককে গ্রেফতার, তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং সড়ক দুর্ঘটনা রোধে কার্যকরী পদক্ষেপ নেয়ার জোর দাবি জানান।
কুলখানীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ঢাকা মহানগর কমিটির মহাসচিব আঃ সালাম খোকন, জেলা বিএনপি’র সহ-সভাপতি এসএম কামালউদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট সলিমুল্ল্যা সেলিম, আক্তার হোসেন মাঝি, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি কামালউদ্দিন আহমেদ পাটওয়ারী, জেলা জাপা’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি অ্যাডভোকেট কামালউদ্দিন আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মরহুমের ছোট চাচা শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, দৈনিক চাঁদপুর বার্তা’র ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটওয়ারী, দৈনিক ইলশেপাড় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বিএম হান্নান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, বাগাদী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী পাঠানসহ মরহুমের আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও বন্ধুরা। মিলাদ ও দোয়া পরিচালনা করেন তালতলা পাটওয়ারী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আঃ সালাম। সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামাত নেতা অ্যাডঃ মোহাম্মদ শাহজাহান মিয়া তালতলাস্থ বাসভবনে মরহুম সাদী মোরশেদের বাবার সাথে দেখা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের সান্তনা দেন। এসময় জামায়াত নেতা শুক্কুর মোস্তানও উপস্থিত ছিলেন।
এদিকে গতকাল শুক্রবার বিকেলে ঢাকার গুলশানে জাতীয় পার্টির কার্যালয়েও মরহুম সাদী মোরশেদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, প্রেসিডিয়াম সদস্য ড. টিআইএম ফজলে রাব্বী, মহাসচিব মোস্তফা জামাল হায়দার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
সাদী মোরশেদ গত ২ ডিসেম্বর বিকেলে ক্লাশ শেষে নিজের মোটরসাইকেলযোগে ৪২ উত্তর কমলাপুরের বাসায় ফেরার পথে মেরুল বাড্ডায় এশিয়ান হাসপাতালের সামনে ফাল্গুনী পরিবহনের চাপায় নিহত হন। এসময় বাসের চালক মোবাইল ফোনে কথা বলছিল। সে সাদী মোরশেদকে চাপা দিয়ে তার দেহ টেনে হেঁচড়ে প্রায় দেড়শ’ গজ দূরে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। সাদী ঘটনাস্থলেই নিহত হয়। পরে অন্য বাসের যাত্রীদের ধাওয়ার মুখে চালক বাসটি ফেলে পালিয়ে যায়। পথচারীরা ওই বাসের চাকার মাঝখানে আটকে থাকা সাদীর দুমড়ানো-মোচড়ানো ও ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। গত ৩ ডিসেম্বর দুপুরে মরহুম সাদী মোরশেদকে চাঁদপুর শহরের তালতলায় অবস্থিত মিয়া বাড়ির পারিবারিক গোরস্থানে তারা মরহুম দাদা শাহ মোঃ হাসান (বাচ্চু মিয়া) এবং দাদী মরহুমা ফয়জুন্নেছা পারুলের কবরের পাশে সমাহিত করা হয়। এর আগে তালতলা পাটওয়ারী বাড়ি জামে মসজিদের সামনে তার দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়। প্রথম দফায় ঢাকার উত্তর কমলাপুর জামে মসজিদের সামনে আগের দিন রাত ১১টায় তার প্রথম দফা জানাজা অনুষ্ঠিত হয়।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
