চাঁদপুর পাসপোর্ট অফিসে চাঁদা দিতে অস্বীকার করায় এক গ্রাহককে পিটিয়ে আহত করেছে দায়িত্বে থাকা আনসার সফিক। গতকাল রবিবার বিকেল সাড়ে ৪টায় পাসপোর্ট অফিসের প্রবেশ পথে এই ঘটনা ঘটে। আহত গ্রাহক সদর উপজেলার তরপুরচন্ডী গ্রামের তেঁতুল তলার খলিলুর রহমানের ছেলে হানিফ (৩০)।
ঘটনার বিবরণে জানা যায়, গ্রাহক হানিফ তার নিজের ও তার বোনের দু’টি পাসপোর্ট অফিস থেকে প্রদেয় তারিখে নেয়ার জন্য আসে। এই সময় পাসপোর্ট অফিসের প্রবেশ পথে আনসার সফিক মোটা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রবেশে বাঁধা প্রদান করে। এই সময় আনসার সফিক গ্রাহক হানিফের কাছে ৩শ’ টাকা চাঁদা দাবী করে। হানিফ চাঁদা দিতে অস্বীকার করায় উভয়ের মধ্যে বাক বিতন্ড সৃষ্টি হয়। এক পর্যায়ে আনসার সফিক হানিফকে মোটা লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। এই ঘটনায় গ্রাহক হানিফ পাসপোর্ট অফিস কর্মকর্তাকে জানালে প্রথম কোন কর্ণপাত না করে এড়িয়ে যায়। পরে আহত হানিফ তার স্বজনদের খবর দিলে তারা পাসপোর্ট অফিসে আসার পর পাসপোর্ট অফিসের কর্মকর্তা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মডেল থানার এসআই শাহাবুদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে। এই সময় আনসার সফিকের অসাধু আচরণ ও চাঁদা দাবীর ঘটনার সত্যতা পায়। এই বিষয়ে তাৎক্ষনিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা জাহিদ হোসেন আনসার সফিককে বরখাস্ত করা হবে বলে পুলিশকে জানায়।
স্থানীয়রা জানায়, পাসপোর্ট অফিসের আনসার সফিকসহ কিছু অসাধু কর্মকর্তা প্রতিদিন অসহায় গ্রাহকদের জিম্মি করে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়। যারা প্রতিবাদ করে তাদের সাথে খারাপ আচরণসহ হয়রানি করা হয়। বিগত দিনে পাসপোর্ট অফিসে এইসব অপকর্মের বিরুদ্ধে মিডিয়ায় বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ হলেও এর কোন প্রতিকার হয়নি। বরং ক্ষতিগ্রস্থ ও ভুক্তভোগীদের মিথ্যা অপবাদ দিয়ে হয়রানির বহু অভিযোগ রয়েছে।
শিরোনাম:
মঙ্গলবার , ১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

