নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় আদালত অবমাননার দায়ে ডেভিড বার্গম্যানকে দেওয়া সাজার বিরুদ্ধে বিবৃতি দানকারী দেশের ৪৯ জন বিশিষ্ট নাগরিকের মধ্যে ১৫ জনকে ক্ষমা করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল আজ সোমবার এসব আদেশ দেন। বাকি ৩৪ জন নাগরিক ও একই রায় নিয়ে সম্পাদকীয় প্রকাশ করায় যুক্তরাষ্ট্রের সাময়িকী নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে কি-না সে বিষয়ে আদেশের দিন আগামী ৩ মার্চ ধার্য করা হয়েছে।
ক্ষমা পাওয়া নাগরিকদের মধ্যে শাহদীন মালিক ছাড়াও রয়েছেন- ইমতিয়াজ আহমেদ, আমেনা মুহসিন, নাইলা খান, সাহনাজ হুদা, সৈয়দা রেজওয়ানা হাসান, এম হাফিজ উদ্দিন, তাহমিমা আনাম, বদিউল আলম মজুমদার, রাশেদা কে চৌধুরী, জাকির হোসাইন, অরূপ রাহী, সাইনা আক্তার, ইলিরা দেওয়ান ও আসিফ নজরুল। এর আগে বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের উদ্বেগ-সংক্রান্ত প্রকাশিত সংবাদে সকল নাগরিকের দেওয়া পূর্ণাঙ্গ বিবৃতির কপি ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে জমা দিতে গত ২৮ ডিসেম্বর দৈনিক প্রথম আলোর সম্পাদককে নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। প্রথম আলোর প্রকাশিত ওই সংবাদ আমলে নিয়ে ট্রাইব্যুনাল-২ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর ট্রাইব্যুনাল-২ বার্গম্যানকে আদালত অবমাননার অভিযোগে সাজা প্রদান করে আদেশ দেয়। এরপর ২০ ডিসেম্বর দৈনিক প্রথম আলো বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের উদ্বেগ সংবাদ প্রকাশ করে। একই আদলে গত ২৩ ডিসেম্বর নিউ ইয়র্ক টাইমস একটি সম্পাদকীয় প্রকাশ করে।
পরে বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের উদ্বেগ বিষয়ে প্রকাশিত সংবাদে সকল নাগরিকের দেওয়া পূর্ণাঙ্গ বিবৃতির কপি ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে জমা দিতে দৈনিক প্রথম আলোর সম্পাদককে গত ২৮ ডিসেম্বর নির্দেশ প্রদান করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। পরবর্তীতে খুশি কবির বিবৃতি থেকে তার নাম প্রত্যাহার করে নেন। প্রথম আলোর পক্ষ থেকে বিবৃতির কপি ট্রাইব্যুনালে জমার দেওয়ার পর গত ১৪ জানুয়ারি শাহদীন মালিকসহ মোট ৪৯ জন নাগরিককে তাদের দেওয়া বিবৃতি সম্পর্কে ব্যাখ্যা প্রদানের আদেশ দেওয়া হয়।
শিরোনাম:
সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
