
শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর শহরের ট্রাক রোড ঢালী বাড়ির সামনে থামানো পানির ড্রাম বোঝাই পিকআপ গাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গাড়িটি আগুনে পুড়ে বিনষ্ট হয়ে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রাত ২টায় এ অগ্নিকান্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে অবশেষে আগুন নেভাতে সক্ষম হয়। জানা যায়, ২০ দলীয় জোটের ডাকা হরতাল অবরোধে বিএনপি ও জামাত শিবিরের নেতাকর্মীরা চাঁদপুরে ব্যাপক নাশকতা সৃষ্টি করেছে। তারা সরকারি প্রতিষ্ঠান ও যানবাহনগুলো টার্গেট করে পেট্রল বোমা নিক্ষেপ করে নাশকতা সৃষ্টি করে। তারই ধারাবাহিকতায় গত সোমবার গভীর রাতে ট্রাকরোডে (ঢাকা মেট্রো ন- ৫৩৩৮) পিকআপটিতে পেট্রল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে মডেল থানার এসআই আবু সাঈদ ও এএসআই আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টার চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হয়।
ট্রাক রোডের ঢালীর সোবহান ঢালী প্রতিদিনের ন্যায় লন্ডনঘাট এলাকা থেকে তার পিকআপে রেনু পোনা নেওয়ার উদ্দেশ্যে ড্রাম বোঝাই করে পানি নিয়ে তার বাড়ির সামনে গাড়িটি নিয়ে রাখে। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করা অবস্থায় সেই সুযোগে দুর্বৃত্তরা গাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।
এ ব্যাপারে গাড়ির মালিক সোবহান ঢালী জানায়, বিএনপি ও জামাত শিবিরের কর্মীরা রাতের আধারে সুযোগ বুঝে পেট্রল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে গাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ায় প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শিরোনাম:
মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
