স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল ২৯ মার্চ রোববার। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে লাইনে যদি ভোটারের উপস্থিতি থাকে তাহলে ৪টার পর হলেও সে ভোট নেয়া শেষ করতে হবে।
চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে মোট ভোটার ১ লাখ ১ হাজার ১২২ জন। এর মধ্যে পুরুষ ৫১ হাজার ৩শ’ ৪০ ও নারী ভোটার ৪৯ হাজার ৭শ’ ৮২ জন। ১৫টি ওয়ার্ডের জন্য মোট ভোট কেন্দ্র ৪৯টি আর ভোট কক্ষ (বুথ) মোট ৩শ’ ৪৫টি।
ঐতিহ্যবাহী চাঁদপুর পৌরসভার এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১শ’ ২৩ জন প্রার্থী। এর মধ্যে মেয়র পদে ২ জন, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৯৪ জন এবং সংরক্ষিত ৫টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭ জন। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দীর্ঘ নয় বছর যিনি অত্যন্ত সুনাম, সততা ও সফলতার সাথে এ পৌরসভাকে পরিচালনা করেছেন সেই জনবান্ধব মেয়র নাছির উদ্দিন আহম্মদ (মোবাইল), আর অপরজন হচ্ছেন এ পৌরসভারই সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়া (পানির জগ)। স্মরণাতীতকালে সম্ভবত এবারই এ নির্বাচনে মেয়র পদে (যা অতীতে ছিলো চেয়ারম্যান) মাত্র দু’ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ জন্য এবার মেয়র নির্বাচন নিয়ে ভোটারদের মাঝে বেশ কৌতূহল- কে হচ্ছেন পৌর পিতা। নাছির উদ্দিন আহম্মদই কি টানা দ্বিতীয় বারের মতো পৌর পিতার আসনে বসবেন না কি শফিকুর রহমান ভূঁইয়া আবার এ চেয়ারে বসবেন? আগামীকাল রাতে ভোট গণনা শেষেই এটি পরিষ্কার হয়ে যাবে।
১১ মার্চ প্রার্থীরা প্রতীক পেয়ে চূড়ান্ত ভোট যুদ্ধে নেমে পড়েন। বিরামহীনভাবে প্রচার-প্রচারণা, গণসংযোগ ও উঠোন বৈঠক করতে থাকেন। গতকাল মধ্য রাত থেকে সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যায়। ১৭ দিনের প্রচার-প্রচারণায় পুরো পৌর এলাকা সরগরম ছিলো। এই ১৭ দিনের প্রত্যেক দিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত শহরে অনবরত মাইকিং চলেছে। আজ থেকে আর প্রচার যন্ত্র তথা মাইকের সেই যন্ত্রণা শুনতে হচ্ছে না পৌরবাসীকে। রাত পোহালেই ভোটাররা ভোট দেবে তাদের পছন্দের প্রার্থীকে। নির্বাচিত করবে আগামী পাঁচ বছরের জন্য চাঁদপুর পৌর পরিষদ।

