বাংলাদেশে গরু অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফ-কে আরও কঠোর হওয়ার নির্দেশ দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বিএসএফ-এর উদ্দেশ্যে তিনি বলেন, “বাংলাদেশে গরু অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করো যাতে সেখানে গরুর মাংসের দাম ৭০ থেকে ৮০ শতাংশ বেড়ে যায় আর বাংলাদেশের মানুষ গরু খাওয়া ছেড়ে দেয়।” পুরো ভারতে গরু জবাই বন্ধ করতে চালানো প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ-ভারত সীমান্তের একটি আউটপোস্টে বিএসএফ-এর উদ্দেশ্যে এ কথা বললেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনাথ সিং বলেন, “আমি জানতে পেরেছি, বিএসএফ-এর তৎপরতার কারণে বাংলাদেশে গরুর মাংসের দাম ৩০ শতাংশের মতো বেড়ে গেছে। তোমাদের তৎপরতা আরও বাড়াও যাতে মাংসের দাম বাংলাদেশে ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত বেড়ে যায় যাতে বাংলাদেশীরা গরু খাওয়া ছেড়ে দেয়। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা ভারতে গরু জবাই যাতে নিষিদ্ধ করা যায়, সে জন্য এনডিএ সরকার সম্ভব সব কিছুই করবে। তিনি বলেন, “এ দেশে গরু জবাই মেনে নেয়া যায় না। আমরা গরু জবাই নিষিদ্ধ করতে সর্বাত্মক চেষ্টা করবো এবং সবাইকে সহমতে আনারও চেষ্টা করবো।” তবে বাংলাদেশের সাথে ভারতের আন্তরিক সম্পর্ক রয়েছে এবং এ সম্পর্ক ভারত সরকার আরও বাড়াতে চায় বলেও মন্তব্য করেন রাজনাথ সিং।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
