চাঁদপুর নিউজ রিপোর্ট
মতলব উত্তর উপজেলার আনন্দবাজারে ভয়াবহ অগি্নকাণ্ড ঘটেছে। অগি্নকাণ্ডে ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ২ কোটি টাকা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীরবিক্রম) এমপি। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আরো পরিদর্শনে আসেন মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলাম, মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, উপজেলার ইউপি চেয়ারম্যান কল্যাণ সমিতির সভাপতি শামসুল হক চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মাস্টারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বুধবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের আনন্দবাজারে পূর্ব-উত্তর দিকের বাজারের দোকানে আগুন লাগে। ঘুমন্ত দোকানিরা আগুন লাগার বিষয়টি টের পেয়ে ‘আগুন আগুন’ বলে চিৎকার করলে লোকজন ছুটে এসে প্রাণপণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে স্থানীয় স্বপন বেপারী (২৬), আবুর হোসেন (২৫), মাসুদ (২৩), সেকা মোল্ল্লা (৪২), শেখ ফরিদ (২৫) ও মজিব হাওলাদার (২৬)সহ বেশ ক’জন আহত হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর চাঁদপুর থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পানি দিয়ে আগুনকে সম্পূর্ণভাবে নিভিয়ে দেয়।
ভয়াবহ এই অগি্নকাণ্ডে বাজারের ১৭টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলো হলো : উজ্জ্বল সরকারের হার্ডওয়্যারের দোকান, হযরত শাহজালাল এন্টারপ্রাইজ, গোলাম হোসেনের পাইকারী মুদি দোকান, কবির মোল্ল্লার কসমেটিকসের দোকান, গিয়াস উদ্দিনের নুপুর স্টীল, আনোয়ার তপাদারের তপাদার ফার্নিচার, শফিক মাস্টারের মাস্টার ড্রাগ হাউজ, সোহেল মিয়ার বোর্ডিং স্টোর, নিজাম উদ্দিনের খাবার হোটেল, শেখ ফরিদের মোবাইল সার্ভিসিং, মমিন মিয়া, আল-আমিন ও সোহাগ-এর পৃথক ৩টি টেইলার্সের দোকান, খোরশেদ আলম, আঃ মজিদ, নাসির উদ্দিন, আঃ খালেক ও শামসুল হকের কাঁচা মালের দোকান। এসব দোকানের মালিকরা হলেন : উজ্জ্বল সরকার, শাহজাহান সরকার, ইউছুফ সরকার ও কাউসার মুন্সি। ক্ষতিগ্রস্তরা জানান, রোজা ও ঈদকে সামনে রেখে তারা বিভিন্ন স্থান থেকে লোন করে অতিরিক্ত মালামাল উঠিয়েছিলেন। এখন তাদের সব শেষ।
