বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে মাহে রমজানকে স্বাগত জানিয়ে অশ্লীলতা-বেহায়াপনা রোধ, রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে চাঁদপুর শহরে এক বিশাল মিছিল বের হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মিছিলটি শহরের শপথ চত্ত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর হাসান আলী হাই স্কুল মাঠে এসে শেষ হয়। মিছিল শেষে চিশতীয়া জামে মসজিদে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জমইয়াতে হিযবুল্লাহর সাধারণ সম্পাদক ও ছাত্র হিযবুল্লাহর জেলা উপদেষ্টা আলহাজ্ব মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার। তিনি তাঁর বক্তব্যে বলেন, রমজান কুরআন নাযিলের মাস। সবাইকে এ মাসে তাকওয়ার ভিত্তিতে আমলে সালেহ হতে হবে। কেননা বিশ্ব মুসলিম এ মাসে সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করে। তিনি বলেন, ছারছীনা দরবার আমাদেরকে অপরের প্রতি সহমর্মিতা প্রদর্শনের অনুশীলনে আত্মনিয়োগ করতে শেখায়। রোজা শুধু উপবাস থাকার নাম নয়। রোজা কুপ্রবৃত্তি দমন করে। আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সচেষ্ট থাকব এটাই সিয়ামের উদ্দেশ্য। তিনি আরও বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। আর এ দেশে পবিত্র মাসে অশ্লীল ছায়াছবি প্রদর্শন, বেহায়াপনাসহ অপসংস্কৃতির সয়লাব ঘটে। রেডিও-স্যাটেলাইট, টিভি ও পাড়া-মহল্লায় বিভিন্ন দোকানে অশ্লীল কুরুচিপূর্ণ ইসলাম বিরোধী ছায়াছবি প্রচার করা হয়। যাতে রমজানের পবিত্রতা চরমভাবে ক্ষুণ্ন হয়। দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ করে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে সরকারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমইয়াতে হিযবুল্লাহর শহর সাধারণ সম্পাদক মুফতি জিয়াউদ্দিন খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ মুহাম্মদ আবদুর রহমান গাজী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাওঃ মোশাররফ হোসাইন, যুব হিযবুল্লাহর সদস্য মাওঃ মোঃ আবদুল্লাহ প্রমুখ। ছাত্র হিযবুল্লাহর জেলা সভাপতি মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মোঃ মাসুম বিল্লাহর পরিচালনায় বক্তব্য রাখেন প্রচার সম্পাদক হাফেজ মোঃ মনির হোসাইন, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি মোঃ হাবিবুর রহমান, প্রচার সম্পাদক হাফেজ আব্দুল কাদের, হাইমচর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন, শাহরাস্তি উপজেলা সভাপতি মোঃ আবু ছালেহ, চাঁদপুর শহর শাখার তামাদ্দুনিক সম্পাদক হাফেজ আব্দুল কাদের জিলানী।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য মোঃ রিয়াজুল ইসলাম, নাতে রাসূল (সাঃ) পরিবেশন করেন সংগঠনের জেলা তামাদ্দুনিক সম্পাদক মোঃ মাইনুদ্দিন। রমজানের সংগীত পরিবেশন করেন শহর শাখার সদস্য মোঃ ইয়াসিন। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন মিন্টু গাজী, মাওঃ মোঃ শফিকুল ইসলাম, মাওঃ মোঃ ফারুকুল ইসলাম, মাওঃ মোঃ ইয়াসিন মুন্সি,মোঃ হাবিবুর রহমান বেপারী, মোঃ সাইফুল ইসলাম মোল্লা, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, অর্থ সম্পাদক হাফেজ মোঃ দীন ইসলাম, আব্দুল কাদের সবুজসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীগণ।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত কামনা করেন প্রধান অতিথি। উপস্থিত সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।

