মতলব দক্ষিণ উপজেলার মধ্য নাগদা গ্রামে এক মেয়েকে (১৮) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। শনিবার রাতে ধর্ষণের শিকার মেয়েটি পাঁচ ব্যক্তিকে আসামি করে থানায় মামলা দায়ের করে। গত ২৯ জুন রাতে ওই মেয়ে ধর্ষণের শিকার হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মেয়েটি ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করে। গত ২৯ জুন সে মধ্য নাগদা গ্রামে নিজ বাড়িতে আসে। সে ওই দিনই তার বাড়ি সংলগ্ন চাচার বাড়িতে বেড়াতে যায়। রাত দেড়টায় সে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গেলে সেখানে ওঁৎ পেতে থাকা ওই গ্রামের বখাটে যুবক আমজাদ হোসেনসহ (২৫) চার-পাঁচজন দুর্বৃত্ত কাপড় দিয়ে তার মুখ চেপে ধরে এবং তাকে গ্রামের একটি নির্জন চালের কল ঘরে (রাইস মেইল ঘর) নিয়ে যায়। সেখানে তারা রাতভর মেয়েটিকে ধর্ষণ করে। ৩০ জুন সকালে মেয়েটির পরিবারের লোকেরা সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। বিষয়টি গ্রামের পঞ্চায়েতকে জানালে তারা মীমাংসার আশ্বাস দিয়ে কালক্ষেপণ করেন। বিচার না পেয়ে ওই মেয়ে গ্রামের আমজাদ হোসেন, মোঃ আরিফ, মোঃ শাহাবউদ্দিন, মোঃ আলামীন ও মোঃ মালুকে আসামি করে থানায় মামলা করে।
মতলব দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার বলেন, ডাক্তারী পরীক্ষার জন্য ওই মেয়েকে আজ (গতকাল) রোববার চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন বলেন, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

