কচুয়া প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া উপজেলায় র্যাব সঙ্গে বন্দুকযুদ্ধে মনি গাউছ (৪৬) নামের এক ডাকাত নিহত হয়েছে। সে উপজেলার মেঘদাইর গ্রামের মৃত ওহাব আলীর ছেলে।
ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি পাইপগান, একটি রামদা, তিনটি ধারালো কিরিচ, পাঁচ রাউন্ড বন্দুকের কার্তুজ ও তিন রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
কচুয়া থানার ওসি মো. আলমগীর হোসেন মজুমদার জানান, রোববার রাত পৌনে তিনটায় মেঘদাইর গ্রামে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় টহলরত র্যাব সদস্যরা তাদের ধাওয়া করলে উভয় পক্ষ গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে ডাকাত মনি গাউছ নিহত হয়।
পুলিশ সুপার মো. আমরি জাফর জানান, ডাকাত মনি গাউছের বিরুদ্ধে কচুয়া থানায় বেশ কয়েকটি ডাকাতি মামলা রয়েছে। তার লাশ বর্তমানে কচুয়া থানায় রয়েছে।
