চাঁদপুর প্রতিনিধি: বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা ৩৬ ঘণ্টা হরতালের শেষদিন বৃহস্পতিবার চাঁদপুর-লাকসাম রেলপথের চাঁদপুর দর্জিঘাট এলাকায় রেললাইনের স্লিপারে অগ্নিসংযোগ করেছে হরতালকারীরা।
সকাল ৯টার দিকে রেললাইনের উপর গাছের গুঁড়ি ফেলে তাতে আগুন ধরিয়ে ট্রেন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা চালায় তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
এর আগে জেলা ছাত্রদল শহরের ষোলঘর এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া পুলিশের বাধায় শহরের মঠখোলা, ষোলঘর এবং জেএমসেনগুপ্ত সড়কে মিছিল করার চেষ্টা করে ব্যর্থ হয় বিএনপি।
তবে শহরের বিভিন্ন স্থানে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল বের করতে দেখা গেছে ১৮ দলের নেতাকর্মীদের।
চাঁদপুর পুলিশ সুপার মো. আমির জাফর জানান, জেলার কোথাও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে এদিন বিভিন্ন স্থানে পিকেটিংয়ের চেষ্টাকালে নয় পিকেটারকে আটক করা হয়েছে।
