স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিচান (১১) নামে এক শিশুর শরীরের প্রায় ৮০ ভাগ ঝলসে গেছে। সে এখন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। ঘটনাটি ঘটেছে গতকাল ১৩ আগস্ট বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন সেন্ট্রাল হাসপাতালের পাশের একটি তৃতীয় তলার ছাদে। জানা যায়, সেন্টার ফর ডেভলপমেন্ট নামে একটি এনজিওর শাখা ব্যবস্থাপক ফখরুল ইসলামের শিশুপুত্র ফিচান। তিনি ওই ভবনের ২য় তলায় ভাড়া থাকেন। গতকাল দুপুরে শিশু ফিচান আরেক শিশুর সাথে ছাদে খেলা করতে যায়। সে পল্লী বিদ্যুতের ফোর ফোরটি লাইনের তারে লাঠি দিয়ে খেলা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে তার গায়ের গেঞ্জি পুড়ে গিয়ে মুখমণ্ডল হতে শুরু করে পায়ের নিচ পর্যন্ত শরীরের চামড়া ঝলসে যায়। এ দৃশ্য দেখে ভবনের নিচের ব্যবসায়ীরা দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। কর্মরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করেন। বর্তমানে সে ওই হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাঃ অর্জুন দেব জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু ফিচানের শরীরের অধিকাংশ অংশ পুড়ে গেছে। তার যে ভয়াবহ অবস্থা সে অবস্থা অনুযায়ী ততোটা চিকিৎসা সেবা এখানে দেয়া যাবে না। যখন মানুষের শরীর পুড়ে যায় তখন উপর দিয়ে তেমন কিছুই বুঝা যায় না। কিন্তু ভেতরে মাংসের অনেক ক্ষতি হয়। সেজন্যে ফিচানের উন্নত চিকিৎসার স্বার্থে তাকে ঢাকায় রেফার করেছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
