সোমবার বিকাল ৪ টায় উপজেলার পৌর শহরের শাহরাস্তি ব্রিক ফিল্ড এলাকায় “অসাংগঠনিক পন্থায় শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষনার প্রতিবাদে” সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সূচীপাড়া উত্তর ইউ.পির চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান পাটওয়ারী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন – গত ২০/০৮/২০১৫ইং তারিখ জেলা বি.এন.পির যুগ্ম আহ্বায়ক জনাব এড: সেলিমুল হক এর নেতৃত্বে ০৪ (চার) সদস্যের একটি প্রতিনিধি দল শাহরাস্তি সফর করে উপজেলা ও পৌর বি.এন.পি পুন: গঠন প্রসঙ্গে শাহ্রাস্তির সিনিয়র নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভা করে। উক্ত প্রতিনিধি দলের নিদের্শনা মোতাবেক গত ১১/০৯/২০১৫ইং তারিখ শাহরাস্তি উপজেলা ও পৌর বি.এন.পির নির্বাহী কমিটির সদস্য এবং অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। যাহা উক্ত সময়ে আপনাদের পত্রিকায় যথারীতি রিপোর্ট করেছেন। উক্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী জনাব দেলোয়ার হোসেন মিয়াজীকে আহ্বায়ক করে উপজেলা বি.এন.পি এবং আবুল খায়েরকে আহ্বায়ক করে পৌর আহ্বায়ক কমিটি প্রস্তাব করা হয়। উক্ত কমিটিতে কেন্দ্রীয় নির্দেশনা এবং মাননীয় চেয়ারপার্সনের নির্দেশ অনুযায়ী তৃনমূলের নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে মামলা-হামলায় নির্যাতীত নেতা কর্মীদের এবং বিগত আন্দোলনে গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছেন এমন নিবেদীত কর্মীদের সমন্বয় করে কমিটি প্রস্তাব করা হয়। ইতিমধ্যে গত ২৬/০৮/২০১৫ইং তারিখ উক্ত কমিটি শাহরাস্তি উপজেলা ও পৌরসভা ইউনিটেরও সিনিয়র নেতৃবৃন্দ সহ সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সিদ্দিকুর রহমান হেডমাস্টারের নেতৃত্বে জেলা আহ্বায়কের নিকট হস্তান্তর করা হয়। আমাদের প্রস্তাবিত কমিটি মহাসচিব যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও মাননীয় চেয়ারপার্সনের দপ্তরে ইতিমধ্যে প্রেরণ করা হইয়াছে।
কিন্তু অতীব দু:খের বিষয় সম্মানিত জেলা আহ্বায়ক গত ২৭/০৯/২০১৫ইং তারিখ শাহরাস্তির বি.এন.পির নেতা কর্মীদের মতামত, ইচ্ছা আক্ষাংখা উপেক্ষা করে কয়েকজন নেতৃবৃন্দের নেতৃত্বে উপজেলা ও পৌর বি.এন.পির আহ্বায়ক কমিটি ঘোষনা করে। আমরা শাহ্রাস্তির তৃণমূলের সকল নেতৃবৃন্দ এই কমিটি প্রত্যাখান করি। আমাদের কিছু নেতা কর্মীর ইচ্ছার বিরুদ্ধে তাহাদেরকে এই পকেট কমিটিতে অর্ন্তভূক্ত করেছেন আমরা সকলে আহ্বায়ক সাহেবের এই পকেট কমিটি থেকে নিজকে প্রত্যাহার করিলাম। আমি আরও একটি বিষয়ে স্মরণ করে দিতে চাই যুগ্ম মহাসচিব জনাব শাহজান সাহেব স্বাক্ষরিত গত ০৯/০৮/২০১৫ইং তারিখের চিঠির মাধ্যমে উপজেলা ও পৌর কমিটি গঠন প্রসঙ্গে একটি নির্দেশনা দিয়েছেন। উক্ত চিঠিতে নির্বাহী কমিটির সদস্য এবং বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনের দলীয় প্রার্থী, উপজেলা চেয়ারম্যান, মেয়র ও সাবেক সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শ নিয়ে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু জেলা আহ্বায়ক উক্ত চিঠির কোন নির্দেশনা অনুসরণ না করে বরং নির্দেশনার বিপরীতে একটি পকেট কমিটি ঘোষণা করেন। যাহা কেন্দ্রীয় নিদের্শনায় সম্পূর্ন পরিপন্থি।
২০০৯ইং সাল থেকে সরকারের বিরুদ্ধে ২০ দল ঘোষিত যতগুলি রাজনৈতিক কর্মসূচি এবং আমাদের দলীয় সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়িত হয়েছে প্রত্যেকটি কর্মসূচী আমরা সফলতার সহিত পালন করেছি। কর্মসূচী পালন করতে গিয়ে সরকারের রোষানলে পড়ে শাহ্রাস্তিতে শত শত ছাত্রদল, যুবদল ও বি.এন.পির নেতাকর্মী মিথ্যা মামলায় অভিযুক্ত। এই সকল মামলা সমূহ অভিযুক্ত আসামীদের দেখা শোনা ও জামিনের বিষয়ে সহযোগীতা করেছেন, ইঞ্জিনিয়ার মমিনুল হক, দেলোয়ার হোসেন মিয়াজী, মান্নান পাটওয়ারীসহ আরও কয়েক জন নেতৃবৃন্দ। কিন্তু বর্তমানে এসকল ত্যাগি নেতা কর্মীদের উপেক্ষা করে ব্যক্তিগত ক্লেষে উম্মাদ হয়ে শাহ্রাস্তি ও হাজীগঞ্জের বি,এন,পি ধ্বংস করার চেষ্টা করছেন জেলা আহ্বায়ক।
আপনাদের মাধ্যমে বি.এন.পির কেন্দ্রীয় কমিটি, চাঁদপুর জেলার নেতৃবৃন্দ সহ তথা সারাদেশের তৃণমূলের সংগ্রামী নেতৃবৃন্দকে অবহিত করতে চাই যে, চাঁদপুর জেলার কমিটির অধিনে ১৫টি সাংগঠনিক ইউনিট আছে। কিন্তু জেলা আহ্বায়ক ১১টি ইউনিট বাদ দিয়ে শুধুমাত্র হাজীগঞ্জ, শাহরাস্তির ৪টি সাংগঠনিক কমিটি ভেঙ্গে স্থানীয় নেতাকর্মীদের মতামতের বাহিরে ব্যক্তিগত ইচ্ছা অনুযায়ী আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। আমরা আবারও তাহার এই অগণতান্ত্রিক অসাংগঠনিক পন্থায় গঠিত কমিটি প্রত্যাখ্যান করিলাম এবং এই বিষয়ে আশু সমাধানের জন্য কেন্দ্রীয় হস্তক্ষেপ কামনা করি। সাংবাদিক ভাইয়েরা আমরা আপনাদের মাধ্যমে সকলকে অবগত করছি যে, শাহরাস্তি উপজেলা ও পৌরসভার তৃণমূলের সকল নেতৃবৃন্দ জনাব দেলোয়ার হোসেন মিয়াজীর নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি এবং থাকব। কোনরূপ মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হয়ে সবার প্রিয় দেলোয়ার হোসেন মিয়াজীর নেতৃত্বে এবং জনাব ইঞ্জিনিয়ার মমিনুল হকের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমেই শাহ্রাস্তি উপজেলা ও পৌর বি.এন.পি পরিচালিত হবে।
শাহ্রাস্তি বি.এন.পি উপর বাস্তব ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে বি.এন.পি পুনর্গঠনে আপনাদের সহযোগিতা কামনা করছি।
উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলী আজগর মিয়াজীর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সি.এ, উপজেলা বিএনপির সহ-সভাপতি সহকারী অধ্যাপক মোঃ মোজাহের হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক শাহ্ মোহাম্মদ আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, রায়শ্রী উত্তর ইউ.পি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এটিএম জিয়া উদ্দিন বাদল, পৌর যুবদলের সভাপতি এহতেশামুল গনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবদুল কাইয়ুম রিপন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা মহিলা দলের সভানেত্রী নাজমা বেগম, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল কাশেম মোল্লা, চিতোষী পশ্চিম ইউ.পি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, রায়শ্রী দক্ষিণ ইউ.পি চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক আব্দুল ছাত্তার, সূচীপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর বেপারী, মেহের দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম আতাহার বিএসসি, চিতোষী পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বিএসসি সহ দলের ১০ টি সাংগঠনিক ইউনিয়নের মধ্যে ১৮ জন সভাপতি, সম্পাদক, পৌরসভার ১২টি ওয়ার্ডের মধ্যে ১৯ জন নির্বাচিত দলীয় চেয়ারম্যান ৬ জনের মধ্যে ৪ জন ও সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

