গতকাল শনিবার রাত সাড়ে ৭টায় মতলব উত্তর থানা পুলিশ ফরাজীকান্দি ইউনিয়নের বড় হলদিয়া গ্রামের দক্ষিণ পাশের ধান ক্ষেত থেকে ২০-২২ বছরের এক নারীর লাশ উদ্ধার করেছে। তবে গতকাল পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। লাশের ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের বড় হলদিয়া গ্রামের দক্ষিণ পাশের ধান ক্ষেতে ওই গ্রামের রহিম শেখ শনিবার বিকেলে ঘাস কাটতে গিয়ে লাশটি দেখে ডাক-চিৎকার দেন। তার চিৎকারে লোকজন এগিয়ে গিয়ে অজ্ঞাত এক নারীর লাশ দেখতে পায়। স্থানীয় ইউপি সদস্য আবদুল মতিনকে বিষয়টি জানালে তিনি থানায় সংবাদ দেন। লাশের গায়ে সাদা রংয়ের পোশাক রয়েছে এবং কালো বোরখা পরিহিত ছিলেন। লাশের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন গ্রাম থেকে নারী-পুরুষ ও শিশুরা ছুটে আসে।ফরাজীকান্দি ইউপি সদস্য আতাউর রহমান সালামত বলেন, এ মাঠের মধ্যে জমির মালিক বা চাষী ছাড়া তেমন কোনো লোকজনের আসা যাওয়া নেই। কাছাকাছি কোনো বাড়ি ঘরও নেই। জায়গাটি নির্জন মনে করেই এখানে এ কাজ করা হয়েছে। দেখতে আসা লোকজন লাশের পরিচয় নিশ্চিত করতে পারেনি।
মতলব উত্তর থানার এসআই মোহাম্মদ নূর মিয়া লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেন।

