স্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জে মোবাইল ফোনে নিজেকে জ্বীনের বাদশা পরিচয় দিয়ে বিভিন্ন জন থেকে অর্থ আত্মসাতের অভিযোগে স্থানীয় জনতা গাজী জসিম উদ্দিন আজমী (৩৮) নামে এক কথিত জ্বীনের বাদশাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ সময় তার ব্যবহৃত একটি প্রাইভেট কারও আটক করে। বুধবার সন্ধ্যায় পৌর এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের মৃত আলী আজমের ছেলে গাজী জসিম উদ্দিন আজমী আলিম পাস করলেও নিজেকে ফাযিল ডিগ্রিধারী পরিচয়ে ওয়াজ মাহফিলে বক্তব্য দেয়। কিন্তু গত ৭/৮ বছর ধরে এর আড়ালে কৌশলে সে নিজেকে মোবাইল ফোনে জ্বীনের বাদশা পরিচয় দিয়ে তাবিজ, ঝাড়ফুঁক দেয়ার নামে প্রতারণার মাধ্যমে প্রচুর অর্থ আদায় করে । এ রকম একটি ঘটনায় ফরিদগঞ্জ উপজেলা সদরের সজিব নামে এক ফল ব্যবসায়ীকে কয়েকদিন পূর্বে সে তাবিজ ও আংটি দিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়। আরো অর্থ আদায়ের কৌশলে সে বুধবার বিকেলে ফরিদগঞ্জে আসে। পরে প্রতারণার শিকার ফল ব্যবসায়ী সজিব স্থানীয় লোকজনের সহায়তায় কৌশলে সন্ধ্যায় তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
জানা গেছে, দুর্ঘটনা জনিত কারণে কথিত জ্বীনের বাদশা গাজী জসিম উদ্দিন আজমী ডান পা হারানোর পর কৃত্রিম পা ব্যবহার করে এবং একটি প্রাইভেটকার ব্যবহার করে নানা স্থানে ঘুরে ঘুরে এসব অপকর্ম করে। ইতিপূর্বে এসব অপকর্মের কারণে দুবার সে চ্ট্টগ্রামে পুলিশের হাতে আটক হয়।
ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল কথিত জ্বীনের বাদশা গাজী জসিম উদ্দিন আজমীকে আটকের কথা স্বীকার করেছেন।
