আবু সাঈদ,
কচুয়ার বহুল আলোচিত জয়নাল হত্যা মামলার অন্যতম আসামী জেসমিন আক্তার (৩২) কে দাউদকান্দি থানা পুলিশ গ্রেফতার করেছে। দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ সালাম মিয়া জানান, চাঁদপুরের সিআইডি ইন্সপেক্টরের দেয়া রিকুইজেশনের প্রেক্ষিতে জয়নাল হত্যা মামলার আসামী জেসমিন আক্তারকে দাউদকান্দি উপজেলার বিটেশ্বর গ্রামের তার স্বামীর বাড়ি থেকে শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার করা হয় এবং গতকাল শনিবার তাকে কুমিল্লা কোর্টে সোপর্দ করা হয়েছে।
জয়নাল কচুয়া উপজেলার বড়দৈল গ্রামের অধিবাসী। সে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। তাকে চলতি বছরের ৫ ফেব্রুয়ারী রাত ৯টার দিকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে বড়দৈলের পাশ্ববর্তী গ্রামের একটি ধান ক্ষেতের আইলে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। গ্রেফতারকৃত জেসমিনের পিত্রালয় জয়নালের পাশের বাড়ি। জয়নাল হত্যা মামলায় (কচুয়া থানার মামলা নং-০৩) ইতোপুর্বে বড়দৈল গ্রামের চাঁন মিয়া (৩৫) ও গিয়াসউদ্দীন (৩৫) গ্রেফতার হয়েছে। এলাকাবাসী বেশ কয়েক দফা সভা সমাবেশ করে জয়নাল হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছে।

