স্টাফ রিপোর্টার:
খুলে দেয়া হয়েছে ভাইবার, ইমো, টুইটার এবং স্কাইপিসহ বন্ধ থাকা সব সামাজিক যোগাযোগ মাধ্যম। সোমবার সন্ধ্যায় ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েকে (আইআইজি) এসব যোগাযোগ অ্যাপস খুলে দেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি)।
এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, বন্ধ থাকা সব যোগাযোগ অ্যাপস খুলে দিতে আইআইজি অপারেটরদের নির্দেশ দেয়া হয়েছে।
বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ জানান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে বন্ধ থাকা সব সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেয়ার নির্দেশ দেয়ার পরই দেশের সব মোবাইল অপারেটর, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ও ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েকে (আইআইজি) এসব অ্যাপস খুলে দেয়ার নির্দেশ দেয়া হয়।
গত ১৮ নভেম্বর দুটি আলাদা নির্দেশনার মাধ্যমে দেশে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম বন্ধ করে দেয় সরকার। পরে গত বৃহস্পতিবার ফেসবুক খুলে দেয়ার নির্দেশ দেয়া হয়।
এদিকে গতকাল রোববার রাত ৯টার দিকে বিটিআরসি দেশের সব মোবাইল অপারেটর ও টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে পাঠানো এক চিঠিতে দ্রুত ইমো, টুইটার এবং স্কাইপি বন্ধ করার নির্দেশ দেয়।
বিটিআরসির একটি সূত্র জানায়, অপরাধীরা নিজেদের আড়াল করতে দেশে এবং বিদেশে অ্যাপসের ব্যবহার করছে। জাতীয় নিরাপত্তা, কিছু তথ্য উদ্ঘাটনের স্বার্থে সীমিত সময়ের জন্য এ তিনটি অ্যাপস বন্ধের নির্দেশ জারি করে সরকার।
নিরাপত্তার কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব অ্যাপস বন্ধ থাকবে বলে সূত্র জানায়। তবে বন্ধের নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই এসব যোগাযোগ মাধ্যম খুলে দেয়ার নির্দেশ দেয়া হলো।

