
রফিকুল ইসলাম বাবু ।
চাঁদপুরে এক ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাই ও ঘটনার জন্য দায়ী নৌ-পুলিশ কর্মকর্তার শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ স্বর্ণ ব্যবসায়ীরা। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত দুই ঘন্টা চাঁদপুর-কুমিল্লা সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ব্যবসায়ীদের অভিযোগ, গত রোববার চাঁদপুর লঞ্চঘাটে হাজীগঞ্জ বাজারের স্বর্ণ ব্যবসায়ী রতন সেন-এর ৪৭ ভরি স্বর্ণ ছিনতাই হয়। ওই সময় নৌ-পুলিশ কর্মকর্তা মোশারফ হোসেনসহ অন্যান্যরা ঘটনাস্থলে থাকলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। অবিলম্বে ছিনতাই হওয়া ৪৭ ভরি স্বর্ণ উদ্ধার ও এই ঘটনায় নৌ-পুলিশ কর্মকর্তাসহ অন্যান্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীরা।এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান হাবিব অরুন, সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, সঞ্জয় কর্মকার, দীনেশ রায়, প্রশান্ত সাহা, গোপাল চক্রবর্তী।
