স্টাফ রিপোর্টার:-
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষণার পর মনোনয়ন বঞ্চিতদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বেশ কয়েকটি ইউনিয়নে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্যে প্রস্তুতি নিচ্ছেন মনোনয়ন বঞ্চিতরা। দলীয় মনোনয়ন ঘোষণার ১৪টি ইউনিয়নের বেশ কয়েকটিতে বিদ্রোহী প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত শনিবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণার পর ওই রাতে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নে পাটওয়ারী বাজার থেকে বালিথুবা বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার দুই পাশের শতাধিক গাছ কেটে রাস্তায় ফেলে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। পরে রাতেই থানা পুলিশের এসআই আলমগীরের নেতৃত্বে পুলিশের একটি দল ও স্থানীয় লোকজন সেগুলো অপসারণ করে। উপজেলা বন কর্মকর্তা শফিকুল আমিন আপেল গাছ কাটার কথা স্বীকার করে আইনী ব্যবস্থা নেয়ার কথা জানান।
এ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া জিএম হাসান তাবাচ্চুম জানান, দলীয় মনোনয়ন না পাওয়া এক প্রার্থীর লোকজন এই কাজ করেছে। তারপরও আমি সংবাদ পেয়ে ইউনিয়নের উত্তেজিত নেতা-কর্মীদের শান্ত করেছি। তিনি বলেন, মনোনয়ন না পাওয়ার কারণে এটি সাময়িক ক্ষোভের বহিঃপ্রকাশ। সময় গড়ানোর সাথে সাথে সকলে নৌকার সমর্থনে ঐক্যবদ্ধ হবেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়া এএইচএম হারুন জানান, তিনি দলীয় মনোনয়ন পাননি এমন সংবাদ শনিবার রাতে তার দলীয় কর্মীরা জানতে পেরে পাটওয়ারী বাজারে সমিলের কিছু গাছের গুঁড়ি দিয়ে সড়ক অবরোধ করে। কিন্তু পাটওয়ারী বাজার থেকে বালিথুবা পর্যন্ত কে বা কারা এই সুযোগ গ্রহণ করে রাস্তার দুই পাশের গাছ কেটে ফেলে। তার ধারণা তাকে হেয় করার জন্য এ কান্ড ঘটানো হয়েছে।
এ দিকে মনোনয়ন বঞ্চিত হয়ে রূপসা দক্ষিণ ইউপির চেয়ারম্যান প্রার্থী, সাবেক ইউপি চেয়ারম্যান অহিদুর রহমান পাটওয়ারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে জানিয়ে বলেন, আমি যুবলীগ ও আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। দলের জন্য সর্বদা নিরলস কাজ করেছি। দুই বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। ২৩ এপ্রিলের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ ইউনিয়নে দলীয়ভাবে যাকে মনোনয়ন দেয়া হয়েছে, তিনি ইতিপূর্বে কয়েকবার পরাজিত হয়েছেন। তাই ইউনিয়নবাসীর স্বার্থের কথা বিবেচনা করে আমি আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ করেছি।
