চাঁদপুর নিউজ রিপোর্ট
আজ ৩১ মার্চ বৃহস্পতিবার চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ৯নং বালিয়া ও ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বাদে ১২টি এবং হাইমচরের ছয়টিসহ দুই উপজেলার মোট ১৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকারের একেবারেই তৃণমূলের এ নির্বাচন এবারই প্রথম দলীয়ভাবে হচ্ছে। তবে তা শুধু চেয়ারম্যান পদে। সংরক্ষিত সদস্য এবং সাধারণ সদস্য পদে নির্বাচন বরাবরের মতো দলীয় ব্যানারের বাইরেই হচ্ছে। তাই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা মূলতঃ নৌকা ও ধানের শীষের মধ্যেই হচ্ছে। তবে দু’ একটি ইউনিয়নে দলের বিদ্রোহী প্রার্থীসহ ত্রিমুখী এবং চতুর্মুখী লড়াই হবে।
সদর ও হাইমচরের ১৮টি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদপ্রার্থীসহ মোট প্রার্থী হচ্ছে ৭শ’ ৪৯ জন। এর মধ্যে সদর উপজেলার ১২ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৪৫ জন এবং হাইমচরের ৬ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ২২ জন। বাদবাকি প্রার্থী হচ্ছে এসব ইউনিয়নের সংরক্ষিত ও সাধারণ সদস্য পদ প্রার্থী। দুই উপজেলার ১শ’ ৭৬ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে চাঁদপুর সদরে রয়েছে ১শ’
১৮টি এবং হাইমচরে রয়েছে ৫৮টি। দুই উপজেলায় মোট ভোটার হচ্ছে ২লাখ ৫৪ হাজার ২শ’ ৬৮। এর মধ্যে সদর উপজেলার ১২ ইউনিয়নে ভোটার হচ্ছে ১লাখ ৭৬ হাজার ৮শ’ ৪৬ এবং হাইমচর উপজেলার ছয় ইউনিয়নের ভোটার হচ্ছে ৭৭ হাজার ৪শ’ ২২। যে ১৮টি ইউনিয়নে আজ ভোটগ্রহণ হবে সেগুলো হচ্ছে চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর, ২নং আশিকাটি, ৩নং কল্যাণপুর, ৪নং শাহমাহমুদপুর, ৫নং রামপুর, ৬নং মৈশাদী, ৭নং তরপুরচ-ী, ৮নং বাগাদী, ১১নং ইব্রাহিমপুর, ১২নং চান্দ্রা, ১৩নং হানারচর ও ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন। হাইমচর উপজেলার ছয়টি হচ্ছে ১নং গাজীপুর, ২নং আলগী উত্তর, ৩নং আলগী দক্ষিণ, ৪নং নীলকমল, ৫নং হাইমচর এবং ৬নং চরভৈরবী ইউনিয়ন।
এসব ইউনিয়নের প্রত্যেকটিতেই আওয়ামী লীগ ও বিএনপি তথা নৌকা ও ধানের শীষের প্রার্থী রয়েছে। আবার দু’একটিতে উভয় দলেরই বিদ্রোহী প্রার্থী রয়েছে। তারা দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র পরিচয়ে নির্বাচন করছেন। যে সব ইউনিয়নে দলের বিদ্রোহী প্রার্থী রয়েছে সে সব ইউনিয়নে ত্রিমুখী ও চতুর্মুখী তীব্র লড়াই হবে।
