
শাহরাস্তি প্রতিনিধি ॥ কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের চাঙ্গীনি গ্রামে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে আড়াই লক্ষ টাকা ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটে ২ জুন বৃহস্পতিবার সকালে। ক্ষতিগ্রস্থ ঘের মালিক ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার। মোঃ আক্তার হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে যুব উন্নয়ন হতে প্রশিক্ষণ নিয়ে ব্যাংক ঋণ গ্রহণের মাধ্যমে নিজগ্রামে মাছ উৎপাদন ও বিপনন করে আসছেন। বুধবার দিবাগত রাতের যে কোন সময়ে তার আবাদকৃত ৫১ শতকের একটি মৎস্য ঘেরে দুবৃত্তরা বিষ প্রয়োগ করে। বৃহস্পতিবার সকালে রুই, কাতল, মৃগেল, কৈ সহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠতে দেখলে ঘেরের কর্মচারীরা তাকে অবগত করেন। সকাল ৯ টার মধ্যে সব মাছ মরে যায়। তিনি আরও জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে একজন প্রতিদ্বন্দ্বি প্রার্থী ভোট গ্রহণের পূর্বে প্রাণ নাশের আশংকা জানিয়ে আমার কর্মী সমর্থক সহ এলাকার নিরীহ লোকদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। এ ঘটনার সাথে ওই প্রার্থীর যোগসূত্র রয়েছে।
এ ব্যাপারে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
