স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে সরকারি কাজে বাধা ও সরকারি মালামাল নষ্ট করার মামলায় সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনসহ ২১জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার বেলা আড়াইটায় চাঁদপুরের অতিরিক্ত দায়রা জজ মামুনুর রশিদ এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার এজহারে জানা যায়, কচুয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলাল কারাগারে বন্দি অবস্থায় মারা যাওয়ার ঘটনার প্রতিবাদে ২০১৩ সালের ১৯ অক্টোবর শনিবার উপজেলা বিএনপি সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করে। এদিন উপজেলার ঘাগড়া এলাকায় ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে (১৯৭৪ সালের ১৬ এর ২ ধারায় বিশেষ ক্ষমতা আইনে) উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে ৬৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনসহ ২১জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। অবশ্য মামলার অন্য আসামীরা উচ্চ আদালত থেকে জামিনে আছেন। চাঁদপুর কোর্টের আইনজীবী ও মামলা পরিচালনাকারী অ্যাড. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চত করে বলেন, মামলাটি এসসি ৩৫/১৬ নম্বরে নথিভুক্ত আছে। নাশকতার মামলায় দ্রুত আসামীদের গ্রেফতারের দাবি জানান এ আইনজীবী। এর আগেও উক্ত আদালত অন্য কয়েকটি মামলায় এহসানুল হক মিলনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। জানা যায়, এহসানুল হক মিলন দীর্ঘ সময় ধরে লন্ডনে অবস্থান করছেন।
শিরোনাম:
রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
