আল-আমিন, সৌদি আরব:সউদী সরকারের সাধারণ ক্ষমা মেয়াদ আরো চার মাস বর্ধিত করায় সউদী আরবে অবস্থানকারী অবৈধ কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে বৈধতা লাভের সুযোগ পাচ্ছে। সউদী বাদশা’র ঘোষিত সাধারণ ক্ষমার মেয়াদ গত ৩ জুলাই শেষ হয়ে যায়। সউদী বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল-সউদ সউদী আরবে অবৈধভাবে বসবাসরত বিদেশীদের সাধারণ ক্ষমার মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বর্ধিত করেন। সউদী বাদশা’র মহানুভবতায় সাধারণ ক্ষমার মেয়াদ বৃদ্ধি করায় অবৈধ প্রবাসী বাংলাদেশী কর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সউদী সরকারের সাধারণ ক্ষমার অধীনে চার লক্ষাধিক অবৈধ কর্মী বৈধতা লাভের সুযোগ পাবে। সউদী সাধারণ ক্ষমার আওতায় অবৈধ প্রবাসী কর্মীরা কোনো প্রকার জরিমানা ছাড়াই আউট পাসের মাধ্যমে দেশে ফেরার সুযোগ পাচ্ছে। অবৈধরা বৈধতা লাভ ও আকামা পরিবর্তনের সুযোগ পাচ্ছে। সাধারণ ক্ষমার সর্বশেষ মেয়াদ ৪ নভেম্বর-এর মধ্যে যারা বৈধতা লাভের সুযোগ থেকে বিরত থাকবে অথবা কোনো জরিমান ছাড়াই দেশে ফেরত না আসবে তাদের বিরুদ্ধে সউদী আইন-শৃংঙ্খলা বাহিনী’র যৌথ সাড়াশি অভিযান শুরু হবে। এদিকে, ফিংঙ্গার প্রিন্ট বা হাতের ছাপ যথা সময়ে জেদ্দা আন্তর্জাতিক বিমান বন্দরের কম্পিউটারে শো’ না করায় জেদ্দা বিমান বন্দর থেকে দেশে ফিরতে না পারায় শত শত কর্মী চরম হয়রানির শিকার হচ্ছে। বিষয়টি সমাধানে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সউদী বাদশাহ বিদেশিদের জন্য ৩ জুলাই পর্যন্ত যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন।
এ সময়ের মধ্যে সউদী আরবে অবৈধ প্রবাসীদের সকলেই বৈধতা লাভের সুযোগ পায়নি। সউদী সরকারের সাধারণ ক্ষমার মেয়াদ বর্ধিতকরণের লক্ষ্যে সরকার উচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনি সম্প্রতি সউদী আরব সফরকালে জেদ্দাস্থ সউদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. নিজার বিন ওবাইদ মাদানির সঙ্গে সাক্ষাৎ করে অবৈধ প্রবাসী কর্মীদের বৈধতা লাভের সুবিধার্থে সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছিলেন। এ ব্যাপারে সউদী বাদশাকে অনুরোধ জানিয়ে প্রেসিডেন্ট আব্দুল হামিদ এডভোকেট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা চিঠিও ঐ সময় প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর করেন তিনি।
অনুরোধের জবাবে দীপু মনিকে আশ্বস্ত করে সউদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছিলেন, বাংলাদেশের অনুরোধ সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে পৌঁছানো হবে। এখনো যেসব প্রবাসী বাংলাদেশী বৈধতা লাভের কার্যক্রম থেকে বিরত রয়েছে তাদেরকে সাধারণ ক্ষমার আওতায় দ্রুত বৈধতা লাভের জন্য পররাষ্ট্র মন্ত্রী ড. দীপু মনি প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
জেদ্দাস্থ কনসুলেটের অধীনে প্রায় ৭০ হাজার অবৈধ কর্মী নতুন পাসপোর্ট লাভ করেছে। রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের অধীনেও বিভিন্ন ডিষ্ট্রিকে অবৈধ প্রবাসীদের বৈধতা লাভে নতুন পাসপোর্ট সরবরাহ, আউট পাস ইস্যু ও পাসপোর্টের নবায়ন করা হচ্ছে।
সউদী শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করে দেশটি ব্যবসায়ী নেতৃবৃন্দ সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ানোর জোর দাবী জানিয়েছিল। সাধারণ ক্ষমার সময় বাড়ানো না হলে তিন লক্ষাধিক অবৈধ প্রবাসী বাংলাদেশীকে দেশে ফিরে আসতে হতো। এতে দেশের অর্থনীতির উপর বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়ার সম্ভাবনা ছিল। এযাবত জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট থেকে প্রায় ২০ হাজার অবৈধ প্রবাসী আউট পাস গ্রহণ করলেও সহস্রাধিক প্রবাসী দেশে ফিরেছে।
জেদ্দাস্থ প্রবাসী সাংবাদিক রুমী সাঈদ ইনকিলাবকে জানান, সউদী সরকারের সাধারণ ক্ষমার মেয়াদ আরো চার মাস বৃদ্ধি করায় প্রবাসী বাংলাদেশীরা আনন্দিত। তারা এ জন্য মহামান্য সউদী বাদশা’র প্রতি কৃতজ্ঞ। প্রথম দফায় সাধারণ ক্ষমার তিন মাসের সুযোগ মূলত বাংলাদেশীরা পেয়েছে দুই মাসেরও কম সময়। এ সময়ে বিভিন্ন সমস্যার কারণে অবৈধ কর্মীদের মধ্যে এ সুযোগ কাজে লাগিয়ে বৈধ হতে পেরেছে খুব কম সংখ্যাক কর্মী। ফলে বর্ধিত চার মাস সাধারণ ক্ষমার সুযোগ কাজে লাগিয়ে বৈধ হবার পথটি সুগম হলো। এদিকে, জেদ্দা কনস্যুলেটে কাজের অধিক চাপ থাকায় কাজ করতে যাওয়া বিভিন্ন মন্ত্রণালয়ের শতাধিক কর্মকর্তা ও কর্মচারী দেশে ফিরেছে। এখনও সাধারণ অবস্থার চেয়ে কাজের চাপ একটু বেশি থাকায় কিছু কর্মকর্তা রয়েছে গেছে। সউদী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাদশাহ বিদেশিদের বৈধ হওয়ার জন্য নতুন করে যে সময় দিয়েছেন তা শেষ হওয়ার পর নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযান শুরু করবে। এরপর কারো অনিয়ম ধরা পড়লে তাকে আটক করে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হবে। রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ ইনকিলাবকে রাতে জানিয়েছে সউদী সরকারের সাধারণ ক্ষমার আওতায় অবৈধ অভিবাসীদের বৈধতা লাভের সময় ৪ মাস বর্ধিত করায় প্রবাসীদের মাঝে সৃষ্ট হতাশা কেটে গেছে। সাধারণ ক্ষমার মেয়াদ ৪ মাস বৃদ্ধির করায় রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোঃ শহিদুল ইসলাম সউদী বাদশাহকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। বর্ধিত সময়ের মধ্যে সকল অবৈধ প্রবাসী কর্মীরা বৈধতা লাভের সুযোগ পাবেন বলে রাষ্ট্রদূত শহিদুল ইসলাম অভিমত ব্যক্ত করেন।
গত ১১ মে সাধারণ ক্ষমার আওতায় অবৈধ বিদেশী নাগরিকদের বিনা দন্ডে দেশ ছাড়তে ৩ জুলাই পর্যন্ত সময় বেঁধে দেয় সউদী সরকার। একইসঙ্গে এই সময়ের মধ্যে কাজের অনুমতিপত্র পরিবর্তন করে এবং পাসপোর্ট নবায়ন করে অবস্থানের সুযোগও দেয়া হয়।
২০০৯ সাল থেকেই দেশটিতে বাংলাদেশীদের কাজের অনুমতিপত্র পরিবর্তনের সুযোগ বন্ধ থাকায় জনশক্তি রপ্তানি প্রায় বন্ধ রয়েছে।
এদিকে, বাংলাদেশে থেকে জনশক্তি আমদানির ক্ষেত্রে শিগগিরই একটি চুক্তিতে স্বাক্ষর করবে সউদী সরকার। সম্প্রতি জেদ্দায় সউদী আরবের শ্রমমন্ত্রী আদেল ফাকিহ ও বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
ঐ বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহিদুল ইসলাম ও সউদী সরকারের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে রাষ্ট্রদূত শহিদুল ইসলাম আরব নিউজকে বলেন, দুই মন্ত্রী চুক্তি স্বাক্ষরের ব্যাপারে একমত হয়েছেন।
বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গেও একই ধরনের চুক্তি স্বাক্ষর করে যাচ্ছে বলে জানান তিনি। আরো কয়েকটি দেশ বাংলাদেশ থেকে জনশক্তি আমদানিতে চুক্তি স্বাক্ষর করবে বলে রাষ্ট্রদূত শহিদুল ইসলাম জানিয়েছেন।
সাধারণ ক্ষমার ঘোষণার পর বাংলাদেশের কর্মকর্তারা অবৈধ প্রবাসীদের বৈধতা লাভের কাজে নেমে পড়েন। সউদীতে অবস্থানরত অবৈধ প্রবাসী কর্মীরা বৈধতা লাভের জন্য জেদ্দা, রিয়াদসহ বিভিন্ন ডিষ্ট্রিকে বাংলাদেশী মিশনে হুমড়ি খেয়ে পড়ে। প্রবাসী কর্মীদের সাহায্যে ২৪ ঘণ্টা সেবা চালু রাখার জন্য সউদী দূতাবাসে অতিরিক্ত জনশক্তি নিয়োগ করা হয়েছে। সউদী বিনিয়োগকারীরা প্রবাসী বাংলাদেশী কর্মীদের নিয়োগে আগ্রহ সবচেয়ে বেশি। সউদী প্রবাসী কল্যাণ ও পুনর্বাসন সমিতি’র সাধারণ সম্পাদক সারোয়ার আলম গতকাল সউদী আরবের তাবুক থেকে টেলিফোনে ইনকিলাবকে জানান। প্রবাসী শ্রমিক নেতা সারোয়ার আলম বলেন, সাধারণ ক্ষমার সময় চার মাস বাড়ানোর আগে যে পরিমাণ ফাইল সউদী কর্তৃপক্ষের কাছে জমা পড়েছে’ তা অনুমতি দিতে আরো অনেক সময়ের প্রয়োজন। তিনি বলেন, আগামী ৪ নভেম্বরের পর সউদী আইন-শৃঙ্খলা বাহিনী’র ধরপাকড় অভিযান শুরু হবার বিষয়টিও উড়িয়ে দেয়া যায় না। তিনি বলেন, এখনো সউদী আরবে প্রায় ৪ লাখ অবৈধ প্রবাসী কর্মী রয়েছে।
বাংলাদেশের জনশক্তির সবচেয়ে বড় গন্তব্য তেলসমৃদ্ধ সউদী আরবে প্রবাসী কর্মীদের মধ্যে এক চতুর্থাংশই বাংলাদেশি।
সউদী আরবে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট-এর সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা রাত-দিন কাজ করছে। সউদী সরকারী ছুটির দিনেও বৈধতা লাভের কার্যক্রম অব্যাহত রয়েছে। রাষ্ট্রদূত শহিদুল ইসলাম বলেন, চার মাসের সময় বৃদ্ধির ঘটনা প্রবাসী বাংলাদেশীদের মাঝে আরো একটি স্বস্তির বার্তা বয়ে এনেছে। রাষ্ট্রদূত বলেন, সময় স্বল্পতার কারণে যারা এতো দিন হতাশায় ছিলেন তারা এখন নির্বিঘেœ বৈধতা লাভের সুযোগ পাচ্ছেন। তিনি বলেন, সউদী সরকারের মহানুভবতায় বাংলাদেশীদের ভাগ্যের চাকা ঘুরতে যাচ্ছে। রাষ্ট্রদূত সউদী আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রত্যেক অভিবাসীকে সাধারণ ক্ষমার বর্ধিত মেয়াদকে কাজে লাগাতে অনুরোধ জানিয়েছেন।
শিরোনাম:
বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
