শওকত আলী ॥
চাঁদপুরে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০জন, সদস্য পদে ৭৯ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার ছিলো মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মুক্তিযোদ্ধা এম.এ.ওয়াদুদ, শহীদ উল্যাহ মাষ্টার, মো. নুরুল আমিন রুহুল, সৈয়দ আহম্মেদ মজুমদার, ওসমান গণি পাটওয়ারী, ইউসুফ গাজী, আহসান উল্যাহ আখন্দ, এডভোকেট জহিরুল ইসলাম, নুরুল ইসলাম নাজিম দেওয়ান, আব্দুর রব ভুঁইয়া।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে চেয়ারম্যান, সদস্য ও মহিলা সংরক্ষিত সদস্য প্রার্থীদের পক্ষে লোকজন জড়ো হয়। বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়াও চাঁদপুরের বর্তমান জেলা পরিষদ প্রশাসক লে. কর্ণেল (অব.) আবু ওসমান চৌধুরী প্রার্থী হিসেবে দলের পক্ষ থেকে সমর্থন পেলেও তিনি চাঁদপুরে ভোটার না হওয়ার কারণে মনোনয়নপত্র জমা দিতে পারেননি। তিনি বর্তমানে ঢাকায় ভোটার। চাঁদপুরে ভোটার হিসেবে স্থানান্তর হওয়ার চেষ্টা করেও নিয়মনীতির বাধ্য বাধকতায় করা সম্ভব হয়নি। সন্ধ্যা পর্যন্ত চাঁদপুরে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের কোন চেয়ারম্যান প্রার্থীকে সমর্থনা দেওয়ার তথ্য পাওয়া যায়নি।
