মোঃ জামাল হোসেনঃ শাহরাস্তিতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে একই পরিবারের ৪ সদস্য অচেতন হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। শুক্রবার রাতে শাহরাস্তি পৌরসভার ৫নং ওয়ার্ডের উপলতা মজুমদার বাড়ীর জাহাঙ্গীর আলমের বসত ঘরে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, ওই বাড়ীর কৃষক জাহাঙ্গীর আলমের পরিবারের সদস্যরা প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরে গভীর রাতে অজ্ঞান পার্টির সদস্যরা এ সুযোগে বসত ঘরের সিঁধ কেটে ঘরে প্রবেশ করে। ওই সময় তারা ঘরে ঢুকে প্রায় ৪ ভরি স্বর্ণালংকার, ৪ টি মুঠো ফোন, নগদ টাকা হাতিয়ে নিয়ে কেটে পড়ে। পরে সকালে বাড়ীর লোকজন ওই পরিবারের সদস্যদের কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত ডাঃ মোঃ সালাউদ্দিন ও ডাঃ নুসরাত ইমাম সানি অচেতন ব্যক্তিদের ভর্তি দেয়। অচেতন ব্যক্তিরা হচ্ছে- জাহাঙ্গীর আলম (৬৫), শাহানারা বেগম (৫০), মোঃ বাবর হোসেন মজুমদার (২৮), মাহমুদুল আলম সুমন (২০)।
