গতকাল শুক্রবার হাজীগঞ্জ পৌর নির্বাচনে অংশগ্রহণকারী সাবেক মেয়র প্রার্থী ওমর ফারুক চৌধুরীর (৫০) অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রাত আনুমানিক পৌনে ৯টায় পৌরসভাধীন ধেররা তার নিজ বাড়ির নিজ রুম থেকে লাশটি উদ্ধার করা হয়। ফারুক ধেররা এলাকার ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ির মৃত অহিদুল হায়দার চৌধুরীর মেজো ছেলে। ফারুক চৌধুরী ২০১৫ সালে হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তিনি নারকেল গাছ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তিনি হাজীগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব তাফাজ্জল হায়দার নসু চৌধুরী ও চাঁদপুরের বিশিষ্ট নারী চিকিৎসক স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরীর ভাতিজা।
স্থানীয়দের সূত্রে জানা যায়, হাজীগঞ্জ পৌর এলাকার ধেররা মোজাদ্দেদীয়া দরবার শরীফের ঠিক পশ্চিম পাশে দো-তলা ভবনে একাই থাকতেন ফারুক চৌধুরী। নিচ তলার পশ্চিম-উত্তরের একেবারে ভিতরের একটি রুমের খাটের উপর থ্রি-কোয়াটার প্যান্ট পরাবস্থায় পড়েছিলো চির-কুমার ফারুক চৌধুরীর লাশ। ফুঁলে ফেঁপে দুর্গন্ধ ছড়ানো লাশটি খাটের উপরে পুরো শরীর আর পা দুটো খাটের পাশে ঝুলানো অবস্থায় দেখে প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, প্রতিদিনের ন্যায় ফারুক চৌধুরীর ঐ বাড়িতে শুক্রবার সন্ধ্যায় হকার পত্রিকা দিতে গেলে ঐ বাড়ি থেকে দুর্গন্ধ বেরোনোর খবর ঐ হকার পার্শ্ববর্তী দোকানীদের জানায়। হকারের খবরটি ফারুক চৌধুরীর বড় ভাই নুরুল গণি চৌধুরীসহ পরিবারের অন্য সদস্যরা শুনে তার বাসায় যান। এর পরেই ফারুক চৌধুরীর মৃত্যুর খবরটি চারদিকে ছড়িয়ে পড়ে।
একেবারে নিভৃতচারী ফারুক চৌধুরীর চাচাতো ভাই ডাঃ তানভির হায়দার চৌধুরী বলেন, ফারুক ভাই একা থাকতেন। তিনি তার পরিবারসহ এলাকার কারো সাথে তেমন একটা চলাফেরা করতেন না। আমার জানামতে তার সাথে এলাকার কারো কোনো বিরোধ নেই।
এ বিষয়ে হাজীগঞ্জ পৌর প্যানেল মেয়র ও স্থানীয় কাউন্সিলর রায়হানুর রহমান (জনি) জানান, ফারুক চৌধুরী সবসময় একা একা চলাফেরা করতেন। তিনি এলাকার কারো সাথে চলাফেরা করতেন না। আমরা খবর শুনেই ঘটনাস্থলে আসি। দেখি পুলিশ প্রাথমিক তদন্তে কি পায় তাই আমরা স্পষ্ট করে কিছু বলতে পারছি না।
হাজীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ জাবেদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে লোকটি চার-পাঁচদিন আগে নিহত হয়েছে। তবে প্রাথমিক তদন্তে হত্যার কোন আলামত পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
