স্টাফ রিপোর্টার
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার মীরপুর এলাকা থেকে নিখোঁজ হওয়ার ৪ দিন পর মাকসুদুর রহমান (২০) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ মে) দুপুরে মীরপুর আটিয়া বাড়ির পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার (২৯ এপ্রিল) দিনগত রাতে সে নিখোঁজ হয়। মাকসুদুর রহমান আটিয়া বাড়ীর আঃ মান্নানের ছেলে। সে পেশায় একজন শ্রমিক।
মাকসুদের বোন জামাতা শরীফ জানান, গত শনিবার রাতে মাকসুদ বাড়িতে আসেনি। তারপর থেকেই নিখোঁজ। তার পরিবার থেকেও পুলিশকে ঘটনাটি অবহিত করা হয়নি। দুপুরে দিকে বাড়ীর লোকজন তার মরদেহ পুকুরে ভাসতে দেখে থানা পুলিশকে জানায়।
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু নাছের বলেন, সংবাদ পেয়ে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সুরতহাল করা হয়েছে। পরিবারের লোকজন এখনো আসেনি। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। কি করাণে তার মৃত্যু হয়েছে তা তদন্ত ছাড়া এখনই বলা যাবে না।
