
রফিকুল ইসলাম বাবু।
চাঁদপুরে পুলিশের সাথে ছাত্রলীগের একাংশের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় পুলিশ ছাত্রলীগের নেতা-কর্মীদের উপর লাঠিচার্জ করে এবং রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশ বলছে, সরকারি দায়িত্ব পালনে বাধার প্রেক্ষিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ একশনে যেতে বাধ্য হয়। অপরদিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা বলছে, পুলিশ বিনা উস্কানিতে তাদের উপর লাঠিচার্জ করে এবং গুলি ছোঁড়ে। শুক্রবার বিকেল তিনটার দিকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমান তিনটি হোন্ডায় করে দলীয় কয়েকজন নেতাকে সাথে নিয়ে শহরের বড় ষ্টেশন এলাকা থেকে কালিবাড়ি আসছিলেন। পথিমধ্যে চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন তাদের হোন্ডাগুলো থামাবার জন্য সংকেত দেয়। কিন্তু পুলিশের সংকেত এড়িয়ে হোন্ডাগুলো কালিবাড়ি পুলিশ বক্সের দিকে এগিয়ে গেলে বেতার বর্তার মাধ্যমে হোন্ডাগুলো আটকের নির্দেশ দেয় ওই অতিরিক্ত পুলিশ সুপার। কালিবাড়ি এলাকায় হোন্ডাগুলো আটকের পর পুলিশের সাথে রোমান ও তার সাথীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে একজন পুলিশ সদস্য রোমানকে ধাক্কা মারে। এসময় পুলিশ রোমানের বহরে থাকা তিনটি হোন্ডাই আটক করে। এই খবর ছড়িয়ে পড়লে রোমানের সমর্থক ছাত্রলীগের নেতা-কর্মীরা কালিবাড়ি এসে জমায়েত হয় এবং সড়ক অবরোধ করার চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করলে জবাবে ছাত্রলীগের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এসময় শহরের সব দোকান-পাট বন্ধ হয়ে যায় এবং ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীরা আটকা পড়ে। ছাত্রলীগের ইট-পাটকেলের জবাবে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে ও রাবার বুলেট ছুঁড়তে থাকে। বিকেল সোয়া ৪ টা থেকে সোয়া ৫ টা পর্যন্ত থেমে থেমে পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সাথে সংঘর্ষ চলতে থাকে। এই অবস্থায় খবর পেয়ে জেলা প্রশাসক মোঃ আব্দুর সবুর মন্ডল ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু ন্ইম পাটওয়ারী দুলাল ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। এসময় ছাত্রলীগের নেতা-কর্মীরা চাঁদপুরের পুলিশ সুপার সামছুন্নাহারের পদত্যাগ দাবি করে মুহুর্মূহু শ্লোগান দেয়। পরিস্থিতি শান্ত হয়ে যাবার পর পুলিশ সুপার ঘটনাস্থলে আসেন এবং সাংবাদিকদের জানান, ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বিভিন্ন স্থানে চেক পোষ্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে। এ্রই অংশ হিসেবে তারা হোন্ডাগুলো থামায়। এতেই উত্তেজিত হয়ে কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল যুবক পুলিশের উপর হামলা চালায়।
