
প্রতিনিধি॥
চাঁদপুরের কচুয়ায় জুয়া খেলার টাকা ভাগাভাগি নিয়ে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ঈদের দিন (সোমবার) দুপুর দুইটায় উপজেলার সফিবাদ গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশসূত্রে জানা যায়, রোববার রাতে ওই গ্রামের বখাটে বিল্লাল (২৫), রবিউল (২৪), লিটন (২২) এবং রাজমিস্ত্রী আলমগীর হোসেন ওরফে আলম (৩৫) মিলে জুয়া খেলে। সোমবার দুপুরে আইনপুর গ্রামের হাওলাকান্দি দেবিন্দ্র মার্কেটের গিয়াস উদ্দিনের চায়ের দোকানের সামনে আগের দিন রাতের জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে আলমগীরের সাথে বাকি ৩ জনের কথা কাটাকাটি হয়। এ নিয়ে এরা আলমগীরকে বেদম প্রহার করে। এক পর্যায়ে তারা আলমগীরের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এলাকাবাসী দ্রুত তাকে হাসপাতালে নেয়ার পথিমধ্যে সে মারা যায়। আলমগীর মৃত নুরুল ইসলামের ছেলে।
খবর পেয়ে কচুয়া থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং লাশ উদ্বার করে থানায় নিয়ে আসে। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ঘাতকদের একজন বিল্লালকে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
