
স্টাফ রিপোর্টার:
প্রতি বছরের ন্যায় এবারও ‘জেগে ওঠো মাটির টানে’ এ শ্লোগানকে সামনে রেখে আজ ১৭ সেপ্টেম্বর রোববার থেকে শুরু হচ্ছে প্রাণ ফ্রুটিঙ্ ও প্রাণ সরিষার তেল-এর পৃষ্ঠপোষকতায় চতুরঙ্গের সপ্তাহব্যাপী ৯ম ইলিশ উৎসব-২০১৭। বিকেল ৩টায় বর্ণাঢ্য র্যালীর পর সন্ধ্যা সাড়ে সাতটায় চাঁদপুর শিল্পকলা একাডেমি মঞ্চে প্রধান অতিথি হিসেবে ইলিশ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি উপস্থিত হবার কথা থাকলেও অনিবার্য কারণে তিনি আসতে পারছেন না বলে জানা গেছে। তবে অনুষ্ঠানে তাঁর একটি ভিডিও বার্তা প্রচারিত হবে।
সাত দিনব্যাপী এবারের ইলিশ উৎসবে মৌলিক কর্মসূচির মধ্যে থাকছে আলোচনা, ইলিশ বিষয়ক বিতর্ক, গোলটেবিল বৈঠক, ছবি অাঁকা, কবিতা ও ছড়া প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, ইলিশ ঘুড্ডি ওড়ানো, ইলিশ রেসিপি, ফ্যাশন শো, সাংস্কৃতিক প্রতিযোগিতা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ। সভাপ্রধান থাকবেন চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন চাঁদপুর-এর কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার। প্রধান আলোচক থাকবেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান মোঃ সফিকুজ্জামান। আলোচক থাকবেন চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক রোটাঃ শবেবরাত ও প্রাণ আরএফএল গ্রুপের কর্মকর্তা। স্বাগত বক্তব্য রাখবেন চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম। এদিন বিকেল ৩টা হতে সাড়ে ৫টা পর্যন্ত দেশাত্মবোধক সঙ্গীত ও ইলিশ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা (ক, খ) এবং সাড়ে ৫টা হতে ৬টা ১৫ মিনিট পর্যন্ত চলবে ইলিশ বিষয়ক বিতর্ক। এতে অংশগ্রহণ করবে ফরিদগঞ্জের বালিথুবা আঃ হামিদ উচ্চ বিদ্যালয় ও চাঁদপুরের লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়। বিতর্কের বিষয় হচ্ছে ইলিশ উৎসবে বিনোদন অংশের চেয়ে আন্দোলন অংশই মুখ্য। সন্ধ্যা সাড়ে ৬টায় থাকবে চাঁদপুর শিশু একাডেমীর সাংস্কৃতিক অনুষ্ঠান। আর রাত ৮টায় হবে রংধনু সৃজনশীল নৃত্য সংগঠনের সঙ্গীতানুষ্ঠান।
ইলিশ উৎসবের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৮ ব্যক্তিকে সংবর্ধনা প্রদান। যাঁরা সংবর্ধিত হবেন : জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল হাই, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এএসএম দেলওয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাসুদ হোসেন, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সফিকুর রহমান ও চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা। ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর এই সাতদিন ইলিশ উৎসব অনুষ্ঠানের সভাপ্রধান থাকবেন যথাক্রমে : চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন চাঁদপুর-এর কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, উপদেষ্টা আলহাজ্ব অ্যাডঃ মোঃ ইকবাল-বিন-বাশার, ইলিশ উৎসব-২০১৭-এর আহ্বায়ক ও চতুরঙ্গের উপদেষ্টা রোটাঃ কাজী শাহাদাত, চতুরঙ্গের উপদেষ্টা ইকরাম চৌধুরী, শহীদ পাটোয়ারী, গিয়াসউদ্দিন মিলন ও মোঃ জসিম শেখ। আর অনুষ্ঠান সঞ্চালনায় থাকছেন চতুরঙ্গের মহাসচিব হারুন আল রশীদ।
