স্টাফ রিপোর্টারআজ ১০ মহররম রোববার (২ অক্টোবর) পবিত্র আশুরা। বাংলাদেশসহ সারা বিশ্বে যথাযোগ্য মর্যাদায় আশুরা দিবসটি পালিত হবে। মুসলমানদের কাছে এ দিনটি ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। মুসলিম বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে তথা চাঁদপুরেও আজ যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত হবে।
আরবি বর্ষপঞ্জিতে মহর্রম বড়ই তাৎপর্যপূর্ণ। ১০ মহররম, পবিত্র আশুরা। ৬১ হিজরি সালের এই দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রাঃ) ও তাঁর পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার ময়দানে শহীদ হন। পবিত্র আশুরা তাই মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যময় ও শোকাবহ দিন। দিনটি মুসলমানদের কাছে সত্য ও ন্যায় প্রতিষ্ঠারও দিন। পৃথিবী সৃষ্টি থেকে কেয়ামত পর্যন্ত অসংখ্য ঘটনার দিন ১০ মহর্রম। শুধু মুসলমান নয়, সকল মানুষের কাছে দিনটি স্মরণীয়। ইতিহাসে বিশাল জায়গা দখল করে আছে পবিত্র আশুরা দিবস।
এ উপলক্ষে চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন পাড়া-মহল্লার মসজিদ, মাদ্রাসা এবং বিভিন্ন ধর্মীয় সংগঠন আশুরার তাৎপর্য নিয়ে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। এছাড়া আজ রোববার বিভিন্ন পাড়া-মহল্লার মসজিদ, মাদ্রাসা এবং বিভিন্ন ধর্মীয় সংগঠন এ দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা ও মিলাদ মাহফিল করবে বলে জানা গেছে।
ইসলামিক ফাউন্ডেশন
চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে আশুরা দিবস উদ্যাপনে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ইফার কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়। ইফার উপ-পরিচালক মোঃ আবদুল কুদ্দুছের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিক্ষণপ্রাপ্ত জাতীয় ইমাম সমিতি চাঁদপুরের সভাপতি অধ্যক্ষ মাওঃ আহম ছাইফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ইমাম সমিতির জেলা যুগ্ম সম্পাদক মাওঃ মুহাম্মদ আবদুর রহমান গাজী, ইফার ফিল্ড অফিসার মোঃ বিল্লাল হোসেন।
ইফার হিসাব রক্ষক মোঃ আবদুল হালিমের সঞ্চালনায় মিলাদ-কি্বয়াম পরিচালনা করেন পীর আনোয়ার উল্লাহ (রহঃ) জামে মসজিদের খতিব মাওঃ জাকির হোসেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন পাটওয়ারী বাড়ি জামে মসজিদের খতিব মাওঃ আব্দুস সালাম। উপস্থিত ছিলেন ইফার ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ সামছুদ্দিন, মাওঃ মোঃ আল-আমিনসহ ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্য ও বিভিন্ন মসজিদের ইমামগণ।
