
রফিকুল ইসলাম বাবু।
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর অংশের ঘোষেরহাট এলাকায় দ্রুতগামী মোটরসাইকেল ও সিএনজি স্কুটারের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সিএনজি স্কুটার চালক ও মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আর গুরুতর আহত হয়েছেন দুর্ঘটনাকবলিত সিএনজি স্কুটারের ৫ যাত্রী। নিহত দু’জন হচ্ছেন : সিএনজি স্কুটার চালক মোহাম্মদ আলী (৩০) ও মোটরসাইকেল চালক রাসেল (২৩)। গতকাল শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহত যাত্রী ৫ জনের মধ্যে ৩ জন ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আর অপর দুজনকে ঢাকা রেফার করা হয়েছে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। নিহত মোহাম্মদ আলীর বাড়ি হাজীগঞ্জের বাকিলা এলাকার খলাপাড়া গ্রামে আর মোটরসাইকেল চালক রাসেলের বাড়ি চাঁদপুর সদরের মঠখোলা এলাকায়। মোহাম্মদ আলী চাঁদপুর হাসপাতালে মারা যায় আর রাসেল ঢাকা নেয়ার পথে মারা যায়।
১ কন্যা সন্তানের জনক নিহত মোহাম্মদ আলী হাজীগঞ্জের বাকিলা এলাকার খলাপাড়া গ্রামের মুখলেছ মেম্বারের ছোট ছেলে। গতকাল রাত ৯টায় বাকিলা উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে মোহাম্মদ আলীকে গ্রামের বাড়ির পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে সিএনজি স্কুটার চালক মোহাম্মদ আলী চাঁদপুর থেকে ভাড়া নিয়ে হাজীগঞ্জের দিকে যাওয়ার সময় ঘোষেরহাট এলাকায় আসলে বিপরীত দিক থেকে দ্রুতবেগে আসা একটি মোটরসাইকেল সরাসরি ওই সিএনজি স্কুটারের ভেতর ঢুকে পড়ে। মুহূর্তেই মোটরসাইকেল চালক ছিটকে গিয়ে রাস্তায় পড়ে। আর সিএনজি স্কুটার চালক ও যাত্রীরা গাড়ির ভেতর আটকা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর শহরে সরকারি জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালেই মোহাম্মদ আলী মৃত্যুরকোলে ঢলে পড়েন।
বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটোয়ারী জানান, মোহাম্মদ আলীর লাশ বাড়িতে আনার পর আমি দেখে এসেছি। এদিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে যোগাযোগ করে জানা গেছে, এ ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক রাসেল, সিএনজির যাত্রী আবুল গাজী (৬৫) ও তার স্ত্রী শাহানারা বেগম (৫৫)কে মুমূর্ষু অবস্থায় ঢাকা রেফার করা হয়েছে। ঢাকা নেয়ার পথেই রাসেল মারা যায়। আর আহত অপর যাত্রী ফারজানা (২০) স্বামী কামাল গাজী, খলিল (১৪) পিতা আলাউদ্দিন ও সোহাগীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পাঁচজন যাত্রীর বাড়ি সদর উপজেলার মৈশাদী গ্রামে।
