চাঁদপুরে সিএনজি স্কুটারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। গতকাল ৯ ফেব্রুয়ারি শুক্রবার সকালে চাঁদপুর-রায়পুর সড়কের সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন চাঁদপুর শহরের মিশন রোড এলাকার মামুনুর রশিদের স্ত্রী উম্মে হাবিবা (২০), ফরিদগঞ্জ নোয়াপাড়া গ্রামের নাছির মিজির স্ত্রী ফাতেমা বেগম (৩০), তার শিশুকন্যা নাদিয়া আক্তার (৪) ও মাতা আলেয়া বেগম (৫৫)। এদের মধ্যে উম্মে হাবিবার অবস্থা আশঙ্কাজনক দেখে তার উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতদের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তারা ফরিদগঞ্জ উপজেলা থেকে একটি সিএনজিস্কুটারে করে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন। স্কুটারটি চাঁদপুর-রায়পুর সড়কের সেতু পার হয়ে টোলঘরের কাছাকাছি আসলে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজিস্কুটার তাদের বহনকৃত স্কুটারটির সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধিয়ে দেয়। এতে একই পরিবারের ৩ জনসহ মোট ৪ জন শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
