প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী পহেলা এপ্রিল চাঁদপুর আসছেন। এদিন সকালে তিনি হাইমচরে ৬ষ্ঠ জাতীয় কমডেকা উদ্বোধন করবেন এবং দুপুর ২টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দিবেন। এছাড়াও তিনি চাঁদপুর ও হাইমচরে ২৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং ২৩টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করবেন। দলীয় সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।
এসব উন্নয়ন প্রকল্পের বিষয়ে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে জানা গেছে, তাঁরা প্রকল্পের তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছেন। আজকালের মধ্যে চূড়ান্ত হয়ে আসলে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে। তবে একটি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচনের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। সেটি হচ্ছে চাঁদপুর সরকারি কলেজের ছাত্রীদের জন্যে নির্মিত পাঁচতলা বিশিষ্ট ছাত্রী নিবাস। এটির নামকরণ ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ছাত্রী নিবাস’। এ নামকরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন।
