স্টাফ রিপোর্টার:
কচুয়া উপজেলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে শাহ আলম (৩২) নামের এক ব্যক্তিকে। গ্রেফতারকৃত শাহ আলম উপজেলার পদুয়া গ্রামের সফিক মিয়ার ছেলে। স্থানীয় জনতা শাহ আলমকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার ৭ এপ্রিল দুপুর ১টার দিকে আকানিয়া গ্রামের ১১ বছরের এক শিশু স্থানীয় পরানপুর বাজারে যাচ্ছিল। সে পরাণপুর গ্রামের শাহ আলমের মামার বাড়ি মিয়াজী বাড়ির পাশ অতিক্রমকালে শাহ আলম ওই শিশুকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মিয়াজী বাড়ির ভেতরে নিয়ে (মামার বাড়ি) জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
এ সময় শিশুটির আর্তচিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে নরপিশাচ শাহ আলমের কবল থেকে উদ্ধার করে ও শাহ আলমকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহজাহান কামাল ও সেকেন্ড অফিসার এসআই রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা ধর্ষণের চেষ্টাকারী শাহ আলমকে গ্রেফতার করেছি। এ ব্যাপারে কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
