প্রবীণ রাজনীতিবিদ, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নূরুল হক বাচ্চু মিয়াজী আর বেঁচে নেই। তিনি গতকাল ৯ এপ্রিল সোমবার ভোর সাড়ে পাঁচটায় চাঁদপুর শহরের ষোলঘরস্থ হানি ছিদ্দিক মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে—-রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯২ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। গতকাল আছর চাঁদপুর শহরের পুরাণবাজার ৩নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন জাফরাবাদ কাসেমুল উলুম মাদ্রাসার মোহতামেম আলহাজ্ব হযরত মাওলানা খাজা আহমদ উল্লাহ। নামাজ শেষে প্রশাসন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সৈনিক এই নেতার প্রতি রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করে। এ সময় প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
জানাজার পূর্বে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী। জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি মোঃ জাহাঙ্গীর ভূঁইয়ার পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব সফিউদ্দিন আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন পাটওয়ারী ও মিজানুর রহমান খান। মরহুমের পরিবারের পক্ষ হতে সকলের দোয়া কামনা করে বক্তব্য রাখেন মরহুমের জ্যেষ্ঠ পুত্র জিয়াউল হক পিপলু ও ছোট ছেলে এহছানুল হক পিটুল। পৌর মেয়র তাঁর বক্তব্যে বলেন, নূরুল হক বাচ্চু মিয়াজীর কর্মময় জীবন পর্যালোচনা করলে দেখা যায়, তিনি বর্ণাঢ্য জীবনের অধিকারী এবং সকলের শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। তিনি গণমানুষের নেতা ছিলেন, মানুসের সেবা করে গেছেন। দীর্ঘদিন শ্রমিক আন্দোলনেরও নেতৃত্ব দিয়েছেন। তাঁর সাথে যারা রাজনীতি করেছেন কেউ বেঁচে নেই। আজ আমরা বাচ্চু মিজি সাহেবকে হারিয়ে খুবই ব্যথিত, মর্মাহত এবং চাঁদপুবাসী শোকাহত। চাঁদপুর পৌরসভা, পৌরবাসী এবং জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করছি। আল্লাহতায়ালা যেনো তাঁকে বেহেস্ত নসীব করেন ।
জানাজায় আওয়ামী লীগ জাতীয় পার্টিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন ও ধর্মপ্রাণ মুসলি্ল উপস্থিত ছিলেন।
মরহুম বাচ্চু মিয়াজীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় চাঁদপুর পৌরসভা, জেলা জাতীয় পার্টি, লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, হাজীগঞ্জ উপজেলা জাতীয় পার্টি এবং ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি ও আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দীর পক্ষ থেকেও মরহুম নেতার প্রতি শ্রদ্ধা জানানো হয়।
নূরুল হক বাচ্চু মিয়াজী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের ছাত্রলীগ থেকে নির্বাচিত ভিপি ছিলেন। ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধসহ অনেক আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন। দীর্ঘদিন শ্রমিক আন্দোলনও করেছেন তিনি। তিনি চাঁদপুরের প্রবীণ রাজনৈতিক নেতা এবং ইতিহাস সচেতন একজন মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে চাঁদপুরের ইতিহাসের মৃত্যু হয়েছে বলে মনে করেন আমাদের সুশীল সমাজ।
