মুহা : আবু বকর বিন ফারুক।।
আমিরে হিযবুল্লাহ, ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মাঃজিঃআঃ) প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমৃত্যু অর্থাৎ যতোদিন দুনিয়ায় থাকবো, ততোদিন আল্লাহর হুকুম পালন করে যেতে হবে। আল্লাহর হুকুম খেলাপকারী আল্লাহর অলি হতে পারে না। আল্লাহ্-রাসূলের হুকুম পালন করলে আল্লাহ্ওয়ালা হওয়া যায়। আমি আল্লাহর বান্দা। আল্লাহর হুকুম নামাজ পড়া, আমি নামাজ পড়ি না। তিনি আরো বলেন, আমরা রাসূলপাক (সাঃ)-এর উম্মত। আমাদের সুরত-সিরত হবে রাসূলপাক (সাঃ)-এর নমুনায়। মহব্বত আর ভালোবাসা এক নয়। মহব্বত হলো যে যাঁকে ভালোবাসে, সে তাঁর অনুসরণ করে। নবীকে ভালোবাসার নাম ‘ঈমান’। নবীর ভালোবাসা আর মহব্বত হবে আমলের মাধ্যমে। তাহলেই নবীকে ভালোবাসা আর মহব্বত করা হলো। কাজেই সর্বক্ষেত্রে নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। গতকাল ১১ মে শুক্রবার বাদ জুমা চাঁদপুর শহরের দক্ষিণ গুণরাজদীস্থ সাতআনী পাটওয়ারী বাড়ি জামে মসজিদে দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ছারছীনার পীর ছাহেব কেবলা এসব কথা বলেন।
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু পাটওয়ারীর সার্বিক ব্যবস্থাপনায় এবং জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর শহর শাখার সাধারণ সম্পাদক ও আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসার সুপার মুফতি আলহাজ্ব জিয়াউদ্দিন খন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় মহাসচিব মাওঃ মোঃ রুহুল আমিন আফছারী ও জেলা জমইয়াতে হিযবুল্লাহর সদস্য সচিব মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন জুলফিকার হামদ-নাত ও গজল পরিবেশক দলের সদস্যবৃন্দ।
জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী ছারছীনার পীর ছাহেবকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের বাড়িতে বহু পীর আওলিয়ার আগমন ঘটেছে। বিশেষ করে বর্তমান পীর ছাহেব হুজুরের বাবা মরহুম পীর শাহ্ আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহঃ) আজ থেকে ৪২ বছর পূর্বে আমাদের বাড়িতে এসেছেন। আমরা চাই হুজুর প্রতি বছরই অন্তত একবার আমাদের বাড়িতে আসেন। আমরা পীর-অলী, আলেম-ওলামা সাথে থাকতে পছন্দ করি। আমাদের পূর্ববর্তীরাও তাঁদের সাথে সম্পর্ক ভালো ছিলো।
দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর আহ্বায়ক হাজী আবদুল আহাদ, জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক ও চাঁদপুর আহমদিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোস্তাফিজুর রহমান খান, জেলা আওয়ামী লীগ নেতা তাফাজ্জল হোসেন তাফু পাটওয়ারী, বাগাদী ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওঃ মাঈনুদ্দিন পাটওয়ারী, জমইয়াতে হিযবুল্লাহর সদর উপজেলা সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মাইনুদ্দিন ঢালী, শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ আব্দুল্লাহ আল মামুন, চাঁদপুর সদর হাসপাতালের অফিস প্রধান মোঃ সফিউল আলম, পৌর ১১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাইনুল ইসলাম পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা যুবলীগ নেতা আলমগীর মাহমুদ ও মোঃ রফিকুল ইসলাম, বিএনপি নেতা মোঃ আনোয়ার হোসেন মিন্টু গাজী ও সফিউল করীম, কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৬ জিটি রোড মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহমান তালুকদার ও কোষাধ্যক্ষ মোঃ কামরুল পাটওয়ারী, মোঃ কবির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবশেষে মিলাদ-কিয়াম ও পীর সাহেব কেবলা দোয়া মোনাজাত করেন।
চাঁদপুরে পাঁচদিনের সফরে ছারছীনার পীর ছাহেবের শুভাগমন উপলক্ষে চাঁদপুুর জেলা জমইয়াতে হিযবুল্লাহর নেতৃবৃন্দ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। তার মধ্যে ৮ মে মঙ্গলবার বাদ আছর হাজীগঞ্জ বলাখাল জেএন উচ্চ বিদ্যালয়ের মাঠ, ৯ মে বুধবার বাদ জোহর ফরিদগঞ্জ বালিথুবা বাজার কেন্দ্রীয় ঈদগাহ, ১০ মে বৃহস্পতিবার বাদ জোহর চাঁদপুর সদর বিষ্ণুপুর শাহজালাল জামে মসজিদ প্রাঙ্গণ ও বাদ আছর ফরিদগঞ্জ নয়াহাট হাইস্কুল এন্ড কলেজ মাঠে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ ১২ মে বাদ জোহর চাঁদপুর সদর মদনা হুজুরের বাড়িতে ও মতলব উত্তর সুজাতপুর নেছারিয়া হাইস্কুল মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হবে।
