ফরিদগঞ্জে তাসলিমা আক্তার (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে। গতকাল রোববার ভোর রাতে উপজেলার ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।
জানা গেছে, ঢাকায় রাজমিস্ত্রির কাজ করা বিল্লাল হোসেনের মেয়ে তাসলিমা সন্তোষপুর দারুস সুন্নাত মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। তাসলিমার ফুফাতো ভাই শহিদুল ইসলাম জানান, শনিবার রাতে সে নিজ ঘরে ঘুমাতে যায়। ভোরে তার মা মনোয়ারা বেগম তাকে ঘুম থেকে উঠার জন্য ডাকলে কোনো সাড়া শব্দ না পাওয়ায় পরে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাসলিমার ঝুলন্ত লাশ দেখতে পায়। তাসলিমা ২ ভাই ৩ বোনের মধ্যে সবার ছোট। তবে তার আত্মহত্যার কারণ জানা যায় নি। সংবাদ পেয়ে থানার এসআই জাকারিয়া লাশ উদ্ধার করেছে।
